Bartaman Logo
২০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়ি মহকুমা পরিষদ: সভাধিপতির ইস্তফায় জটিলতা, বসানো হতে পারে প্রশাসক

শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষের ইস্তফা নতুন সংকট সৃষ্টি করেছে। প্রশাসক নিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত পড়ুন।

শিলিগুড়ি মহকুমা পরিষদ: সভাধিপতির ইস্তফায় জটিলতা, বসানো হতে পারে প্রশাসক
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আচমকা ইস্তফা শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তৃণমূল কংগ্রেস নেতা অরুণ ঘোষের। আর  এতেই মহকুমা পরিষদে নয়া সংকট তৈরি হয়েছে। কারণ সভাধিপতির পদটি ওবিসিদের জন্য সংরক্ষিত। বর্তমানে পরিষদে কোনো ওবিসি সদস্য নেই। এখন মহকুমা পরিষদে প্রশাসক নিয়োগ করতে পারে রাজ্য সরকার। 

Advertisement

তৃণমূল নেতা অরুণবাবু বলেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা পরাজিত হয়েছি। নতুন সরকার ভালো মতো উন্নয়নমূলক কাজ করুক, তা আমরা চাই। আমরা উন্নয়ন নিয়ে কোনো বাধা সৃষ্টি করতে চাই না। তাই সভাধিপতির পদ থেকে ইস্তফাপত্র জেলাশাসকের কাছে পাঠিয়েছি। 
মহকুমা পরিষদের মোট আসন সংখ্যা ন’টি। ২০২২ সালের পঞ্চায়েত ভোটে পরিষদের ক্ষমতা দখল করে তৃণমূল। তারা এককভাবে আটটি আসন কব্জা করে। একটি আসন পায় বিজেপি। আরও একবছর বর্তমান বোর্ডের মেয়াদ রয়েছে। এই অবস্থায় শুক্রবার বিকেলে প্রশাসনিক মিটিং করার পর  সভাধিপতির পদ থেকে ইস্তফা দেন অরুণ। সংশ্লিষ্ট পদটি ওবিসিদের জন্য সংরক্ষিত। 
প্রশাসনের এক অফিসার জানান, তৃণমূলের আট সদস্যর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তাতে তৃণমূলের সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে সাতজন। তাঁদের মধ্যে কেউ ওবিসি নন। বিজেপির সদস্য এসটি। কাজেই নতুন করে সভাধিপতির পদ পূরণ করা সম্ভব হবে না বলেই মনে হচ্ছে। তৃণমূল নেতা অরুণবাবু বলেন, এখন যা করার রাজ্য সরকার করবে। 
এদিকে, এদিন সকালেই শিলিগুড়ির মেয়র পদ থেকে গৌতম দেব ইস্তফা দেন। এরপর বিকেলে অরুণবাবু সভাধিপতির পদ ছাড়েন। এনিয়ে মহকুমা পরিষদের বিরোধী দলনেতা বিজেপির অজয় ওরাওঁ বলেন, বর্ষার মরশুমে গ্রামবাসীদের বিপদে ফেলে সভাধিপতির পদ ছাড়লেন অরুণবাবু। এভাবে পদ ছেড়ে দিয়েও পার পাবেন না। অডিট চলছে। অনিয়ম ধরা পড়লেই প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। 
তৃণমূল নেতা অরুণ ঘোষ অবশ্য বলেন, অনিয়মের অভিযোগ ভিত্তিহীন। তবে সভাধিপতির পদ ছাড়লেও মহকুমা পরিষদের সদস্য রয়েছি। গ্রামবাসীদের জন্য যা করার তা করব।

Advertisement
সম্পর্কিত সংবাদ