Bartaman Logo
২৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ছুটবে মেট্রো! খুশির হাওয়া দুই শহর শিলিগুড়ি-জলপাইগুড়িতে

শিলিগুড়ি-জলপাইগুড়িতে মেট্রো প্রস্তাবের মাধ্যমে ব্যবসা ও পর্যটন খাতের উন্নতি হবে। বিস্তারিত জানুন।

ছুটবে মেট্রো! খুশির হাওয়া দুই শহর শিলিগুড়ি-জলপাইগুড়িতে
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মেট্রোর হাত ধরে শিলিগুড়ি-জলপাইগুড়ি শহর জুড়লে ব্যবসার পাশাপাশি চাঙা হবে পর্যটন ক্ষেত্র। সেইসঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে। সামগ্রিক উন্নয়ন হবে গোটা এলাকার। এমনটাই মনে করছেন উদ্যোগপতিদের পাশাপাশি পর্যটন ব্যবসায়ীরা। খুশির হাওয়া দুই শহরের আমজনতার মধ্যেও। সোমবার রাজ্য বাজেটে প্রস্তাব রাখা হয়েছে শিলিগুড়ি-জলপাইগুড়ি মেট্রোর সমীক্ষার। এনিয়ে কারিগরি ও অর্থনৈতিক সার্ভে করা হবে। রাজ্যের অর্থমন্ত্রীর এই ঘোষণার পরই শিলিগুড়ি ও জলপাইগুড়িতে উচ্ছ্বাসে মাতেন সাধারণ মানুষ। মেট্রো নিয়ে সমীক্ষার পর প্রয়োজনীয় জমির ব্যবস্থা করে তা প্রস্তাব আকারে রাজ্যের তরফে পাঠানো হবে কেন্দ্রের কাছে। আগেই বারাণসী-শিলিগুড়ি বুলেট ট্রেনের ঘোষণা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। ওই ট্রেন চালু হলে বারাণসী থেকে মাত্র তিন ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে শিলিগুড়ি। স্বাভাবিকভাবে এই প্রকল্প বাস্তবায়িত হলে শিলিগুড়ির চেহারাটাই বদলে যাবে বলে মত ওয়াকিবহাল মহলের।  বুলেট ট্রেনের সঙ্গে শিলিগুড়িতে মেট্রো রেল উত্তরের গর্বের মুকুটে যোগ করবে নয়া মুকুট। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, দীর্ঘদিন ধরে শিলিগুড়ি থেকে সার্কুলার রেলের দাবি ছিল আমাদের। সেখানে শিলিগুড়ি-জলপাইগুড়ি মেট্রো রেলের সার্ভের কথা বলা হয়েছে এবারের রাজ্য বাজেটে। এটা হলে দুই শহরেরই প্রভূত উন্নয়ন হবে। তাঁর দাবি, শিলিগুড়ি বাণিজ্য-শহর। অন্যদিকে, জলপাইগুড়ি হেরিটেজ-সিটি। মেট্রো রেলের মাধ্যমে এই দুই শহর জুড়লে ব্যবসা বাণিজ্যর যেমন উন্নতি হবে, পর্যটনেরও বিকাশ ঘটবে। শিলিগুড়ি-জলপাইগুড়ি ৪০ কিমি পথ অনেক কম সময়ে যানজটমুক্তভাবে যাতায়াত করতে পারবেন বাসিন্দারা। অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের কনভেনর রাজ বসু অবশ্য মনে করেন, শিলিগুড়ি-জলপাইগুড়ি মেট্রো রেলের পরিবর্তে যদি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, রামসাই, লাটাগুড়ি, গজলডোবা হয়ে আবার শিলিগুড়ি পর্যন্ত সার্কুলার ট্রেন চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়, সেক্ষেত্রে আক্ষরিক অর্থে পর্যটনের প্রসার ঘটবে। এনিয়ে রাজ্য ও কেন্দ্রকে আমরা প্রস্তাব দিয়েছি। বণিকসভা সিআইআই-এর উত্তরবঙ্গ জোনের প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরের উদ্যোগপতি প্রবীর শীল বলেন, শিলিগুড়িতে সড়কপথে যেভাবে গাড়ির চাপ বাড়ছে, তাতে মেট্রো খুবই কার্যকরী হবে। মেট্রোয় চেপে খুব কম সময়ের মধ্যে পর্যটকরা শিলিগুড়ি থেকে বাধাহীনভাবে জলপাইগুড়িতে পৌঁছে যেতে পারবেন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ