Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আগরপাড়ার পুজোয় থিমের চমক নজর কাড়বে সিলিকনের দুর্গাও, ‘মহাকুম্ভ’-‘নীলাচলে মহাপ্রভু’-‘সৃষ্টি থেকে উৎসব’

মহাকুম্ভের ধর্মীয় সংস্কৃতির সঙ্গে পাল্লা দিচ্ছেন নীলাচলের মহাপ্রভু। সৃষ্টি থেকে উৎসব থিমে ব্রহ্মা দেবেন জগৎরক্ষার বার্তা

আগরপাড়ার পুজোয় থিমের চমক নজর কাড়বে সিলিকনের দুর্গাও, ‘মহাকুম্ভ’-‘নীলাচলে মহাপ্রভু’-‘সৃষ্টি থেকে উৎসব’
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: মহাকুম্ভের ধর্মীয় সংস্কৃতির সঙ্গে পাল্লা দিচ্ছেন নীলাচলের মহাপ্রভু। সৃষ্টি থেকে উৎসব থিমে ব্রহ্মা দেবেন জগৎরক্ষার বার্তা। সভ্যতা বাঁচাতে গাছ বাঁচানোর বার্তার পাশাপাশি থাকবে ইতিহাসের হাজার দুয়ারি। শুধু তাই নয়, চমক দিতে প্রস্তুত সিলিকনের দুর্গা। বৃষ্টি উপেক্ষা করে আগরপাড়াজুড়ে থিম যুদ্ধে মাতোয়ারা বিভিন্ন পুজো কমিটি। মণ্ডপের পাশাপাশি প্রতিমা, আলোকসজ্জাতেও রয়েছে বড় চমক। পুজোর প্রাক মুহূর্তে বৃষ্টি অসুর নিয়ে চিন্তায় সমস্ত পুজো কমিটি। যদিও তাঁদের আসা, চতুর্থীর আগেই মণ্ডপের সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাবে।

Advertisement

তারাপুকুর মিলন সংঘের পুজো এবার ৮৬ বছরে পা দিয়েছে। তাদের থিম মহাকুম্ভ। প্রয়াগ, নাসিক, উজ্জয়িনী ও হরিদ্বারের কুম্ভের চিত্র তুলে ধরা হয়েছে। মণ্ডপজুড়ে সাধুদের ভিড়। তার মধ্যে বিশালাকার শিবলিঙ্গ। চারপাশে থাকা সাধুরা মহাদেবের সাধনায় মগ্ন। মণ্ডপ লাগোয়া জলাশয়ে সাধুদের পুণ্যস্নানের ছবিও ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের অন্দরে সমুদ্র মন্থন, সাধুদের আখড়া ও যজ্ঞের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুবিমল দাস প্রতিমা তৈরি করছেন। প্রতিমা তৈরি হচ্ছে সিলিকন দিয়ে। পুজো কমিটির সম্পাদক অর্পণ ঘোষ বলেন, ভারতবর্ষের সুপ্রাচীন ধর্মীয় ঐতিহ্য মহাকুম্ভ। সেই ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত নদীপ্রেম। সমস্ত ভাবনাকে মণ্ডপে ফুটিয়ে তোলার পাশাপাশি সিলিকনের দুর্গাও চমক দেবে। 
শক্তিপুর সর্বজনীন দুর্গোৎসব এবার ৭৬ বছরে পা দিয়েছে। থিম- নীলাচলে মহাপ্রভু। মণ্ডপে দেখা যাবে রাধা-কৃষ্ণ। সঙ্গে থাকবে অষ্ট সখি। এছাড়া তুলসিধামে নাড়ু গোপালের চিত্রও ফুটে উঠবে। ৯ ফুটের নাড়ুগোপালের হাতে থাকবে লাড্ডু ও নানান মিষ্টি। মণ্ডপের উপর বড় তুলসি মঞ্চের পাশাপাশি থাকবে ছ’ফুটের মহাদেব। মণ্ডপের মধ্যে ১২ ফুটের চৌবাচ্চায় চারফুটের শিবলিঙ্গ। হাজির থাকবে নন্দীও। শিবের মাথায় জল পড়বে। জল ও দুধ ঢালতে পারবেন দর্শনার্থীরা। মা আসবেন সাবেকি সাজে। পুজো কমিটির প্রধান উপদেষ্টা সুব্রত রায় বলেন, হিন্দুদের চিরায়ত ধর্মীয় ভাবনা ফুটে উঠবে মণ্ডপে।
তারাপুকুর পশ্চিমপল্লি সর্বজনীন দুর্গোৎসব এবার ৭৯ বছরে পা দিয়েছে। তাদের থিম মুর্শিদাবাদের হাজারদুয়ারি। বিশাল মণ্ডপের গোলকধাঁধায় মুগ্ধ হবেন দর্শনার্থীরা। থিমের প্রতিমা এসেছে পশ্চিম মেদিনীপুরের বড় কলঙ্কাই থেকে। পুজো কমিটির প্রধান উপদেষ্টা দেবযানী রায় বলেন, আমাদের গর্বের হাজারদুয়ারি মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে।
আগরপাড়া আদর্শনগর সর্বজনীন দুর্গোৎসব এবার ৭১ বছরে পা দিয়েছে। তাদের থিম প্রাণাঙ্কুর। মণ্ডপে ঢোকার মুখে গাছ কেটে নগরায়ণের চিত্র তুলে ধরা হয়েছে। প্লাই কেটে অপূর্ব শিল্প সুষমায় ফুটিয়ে তোলা হয়েছে এই চিত্র। মণ্ডপের মধ্যে ২৮০ টি জীবন্ত গাছ থাকবে। এছাড়া গাছ বাঁচাতে চিপকো আন্দোলন সহ নানা বার্তা ফুটিয়ে তোলা হবে। পুজো কমিটির সম্পাদক তরুণ দে বলেন, সভ্যতার জন্ম প্রকৃতি থেকেই। সেই প্রকৃতি মাকে বাঁচানোর বার্তা দেওয়া হয়েছে মণ্ডপজুড়ে।
নাটাগড়ের পাঁচুগোপাল স্মৃতি সংঘ সর্বজনীন দুর্গোৎসব এবার ৬০ বছরে পা দিয়েছে। তাদের থিম সৃষ্টি থেকে উৎসব। ব্রহ্মার বিশালাকার তিনটি মাথা থাকবে। ব্রহ্মার হাত ধরে জগতের সৃষ্টির চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপে। মা আসছেন সাবেকি সাজে। পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক প্রদীপ বড়ুয়া বলেন, জগতের সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা। তাঁর হাত ধরেই প্রাণীকূলের জন্ম। সেই ভাবনা মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ