Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইকেল-বাইকের সংঘর্ষে খড়গ্রামে তিন পরীক্ষার্থী সহ জখম ৪

সাইকেল-বাইকের সংঘর্ষে খড়গ্রামে তিন পরীক্ষার্থী সহ জখম ৪
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: রাস্তার মধ্যে পরপর তিনটি ৯০ ডিগ্রি বাঁক। আর সেই বাঁকের কবলে পড়ে সাইকেল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম চারজন। তাদের মধ্যে তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ শেরপুর বিষ্ণুপুর রাজ্য সড়কের খড়গ্রাম থানার বেলেরমাঠের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিস   জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তিন মাধ্যমিক পরীক্ষার্থী খড়গ্রাম থানার ইন্দ্রাণী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ইন্দ্রাণী গ্রামেই তাদের বাড়ি। এবছর ওই স্কুলের পরীক্ষাকেন্দ্র হয়েছে স্থানীয় জয়পুর উচ্চ বিদ্যালয়ে।
সেইমত এদিন তিন ছাত্র একই বাইকে চড়ে বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। সেইসময় জয়পুর গ্রাম ঢোকার আগে বেলেরমাঠে রাস্তার বাঁক ঘোরার সময় সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। বাইক চালাচ্ছিল আনিসুর রহমান। অপর দুই ছাত্র হল মীর জিন্নাত শেখ ও নাজমুল শেখ। দুর্ঘটনার ফলে তিনছাত্র জখম হয়ে পড়ে।
অন্যদিকে স্থানীয় বেলেরমাঠের বাসিন্দা প্রৌঢ় মিহির ঘোষ সাইকেল চালিয়ে ভালকুন্দি গ্রাম আসছিলেন। বাইকের ধাক্কায় তিনিও মারাত্মক জখম হন। এরপর মীর জিন্নাত শেখকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আনিসুর ও নাজমুলকে ইন্দ্রাণী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই স্বাস্থ্যকেন্দ্রেই বসেই দুই পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
অপরদিকে দুর্ঘটনায় জখম সাইকেল আরোহী মিহির ঘোষকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেলের মাঠের এই জায়গায় প্রায় দুর্ঘটনা লেগে থাকে। এর কারণ এই জায়গায় পরপর তিনটি ৯০ ডিগ্রি বাঁক রয়েছে। তাছাড়া রাস্তার দুইপাশে বড় বড় গাছ থাকার কারণে সামনে থেকে কেউ এলে দেখা যায়না। এমন জায়গায় জোরে বাইক চালালেই দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। নাজমুলের মা নুরজাহান বিবি বলেন, রাস্তার ওই বাঁকে সামনে সাইকেল এসে পড়লে বাইকের নিয়ন্ত্রন হারিয়ে ফেলে ছেলেরা। ফলে এই দুর্ঘটনা ঘটেছে। খড়গ্রাম থানার পুলিস বাইকটি আটক করেছে বলে জানিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ