Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইকেলে চেপে কুম্ভমেলায় গিয়ে পরিবেশরক্ষার বার্তা বৃদ্ধের

সাইকেলে চেপে কুম্ভমেলায় গিয়ে পরিবেশরক্ষার বার্তা বৃদ্ধের
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: সাইকেল চালিয়ে কুম্ভমেলায় যাওয়ার পাশাপাশি সেখানে পরিবেশ সচেতনতার বার্তা দিলেন ৬৩বছরের বৃদ্ধ। করিমপুরের যমশেরপুর পঞ্চায়েতের বাসিন্দা ওই প্রবীণের নাম স্বপনকুমার ঘোষ। তিনি দুর্গাপুরে রংমিস্ত্রির কাজ করেন। মূলত পরিবেশ সচেতনতার বার্তা দিতেই তিনি সাইকেলে ৮০০কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রয়াগরাজে কুম্ভমেলায় গিয়েছিলেন।
Advertisement
স্বপনবাবু এমাসের সাত তারিখ যমশেরপুর থেকে সাইকেলে কুম্ভের উদ্দেশে রওনা দেন। পথে বিভিন্ন জায়গায় বিশ্রাম নিয়েছেন। সেসব জায়গায় তিনি পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। ১৪ফেব্রুয়ারি তিনি কুম্ভে পৌঁছন। ১৫ তারিখ পুণ্যস্নান সেরে বেনারস, অযোধ্যা ঘুরে ১৬ তারিখ বাড়ির উদ্দেশে রওনা দেন। তিনি বলেন, আমি রংমিস্ত্রির কাজ করি। সাইকেল চেপে দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি। বহুবার দুর্গাপুর থেকে সাইকেলেই বাড়ি এসেছি। এবার আমি বাড়ি থেকে সাইকেলে কুম্ভমেলায় গিয়েছিলাম। রাস্তায় অনেক মানুষ আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। আমি স্বচ্ছ ও দূষণমুক্ত ভারতের স্বপ্ন দেখি। সেকারণে সাইকেলে পরিবেশ-সংক্রান্ত নানা পোস্টার লিখে নিয়ে গিয়েছি। যেখানেই বিশ্রাম নিয়েছি, সেখানেই পরিবেশ দূষণ নিয়ে মানুষকে সচেতন করেছি। যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে, তাতে আমাদের সামনে ভয়ঙ্কর সময় আসছে। পরবর্তী প্রজন্মের কাছে এই পৃথিবী বিষময় হয়ে যাবে। তাই এখন থেকে আমাদের পরিবেশরক্ষায় সচেতন হতে হবে। পুণ্য অর্জনের চেয়েও মানুষকে পরিবেশ দূষণ নিয়ে সচেতন করা আমার উদ্দেশ্য ছিল। এবার ইচ্ছে আছে, সাইকেল নিয়ে লাদাখ গিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দেব। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ