সংবাদদাতা, বহরমপুর: বাড়ির সামনে সাইকেল চালানো শিখতে গিয়ে পড়ে মৃত্যু হল এক বালকের। মৃতের নাম মাঞ্জারুল খান(১২)। গত বুধবার বেলডাঙা থানার নপুকুরিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি অনাদি রায়চৌধুরী বলেন, লিখিত অভিযোগ জমা পড়লে খতিয়ে দেখা হবে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে বাড়ির সামনে মাঞ্জারুল সাইকেল চালানো শিখছিল। তখনই সাইকেল সহ পড়ে যায়। সাইকেলের হ্যান্ডেলে পেটে আঘাত লাগে। পরিবারের লোকজন উদ্ধার করে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। চিকিৎসক পেটের ছবি করতে বলেন। বৃহস্পতিবার বহরমপুরে ছবি করিয়ে পেটে গুরুতর আঘাতের লক্ষণ ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে ওইদিনই মাঞ্জারুলকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। মৃতের বাবা মুরসেলিম মণ্ডল বলেন, তিন দিন ধরে হাসপাতালে পড়ে থাকলেও সেভাবে চিকিৎসা হয়নি। সঠিক চিকিৎসা হলে আমার ছেলের প্রাণ যেত না।



