Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইকেল ভাড়া নেওয়াকে কেন্দ্র করে পর্যটক-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

সাইকেল ভাড়া নেওয়াকে কেন্দ্র করে পর্যটক-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: সাইকেল ভাড়া নেওয়াকে কেন্দ্র করে পর্যটক দলের সঙ্গে লালবাগের মোতিঝিল পার্কের কর্মীদের ব্যাপক সংঘর্ষ বাধে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায়। দু’পক্ষই পরস্পরের উপর লাঠি, বাঁশ ও ইট নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় এই ঐতিহাসিক পার্ক চত্বর রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে মুর্শিদাবাদ থানার বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের মোট পাঁচজন জখম হয়। তাঁদের উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। তবে, দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে সংঘর্ষের ঘটনার পর পার্ক কর্তৃপক্ষ পর্যটক দলের বিরুদ্ধে মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিস আটজনকে গ্রেপ্তার করে। রবিবার তাদের লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
পার্কের এক আধিকারিক বলেন, পর্যটক দলের এক সদস্য জোর করে একটি সাইকেল দাবি করে। গ্যারেজের দায়িত্বে থাকা কর্মী বাধা দিলে ওরা সকলে মিলে আমাদের কয়েকজন কর্মীর উপর হামলা চালায়। লাঠি, বাঁশ, ইট দিয়ে ব্যাপক মারধর করে। বাঁশের আঘাতে একজন কর্মীর হাত ভেঙে গিয়েছে। ইটের আঘাতে আরও দু’জন রক্তাক্ত হয়েছেন। তিনজনেই হাসপাতালে ভর্তি রয়েছেন।
সাবেক নবাবি তালুক মুর্শিদাবাদের অন্যতম দর্শনীয় স্থান মোতিঝিল পার্ক বা প্রকৃতি তীর্থ। বিশাল এলাকাজুড়ে বিস্তৃত পার্ক ঘুরে দেখতে পর্যটকদের জন্য বেশ কয়েকটি দুই সিট বিশিষ্ট সাইকেল রয়েছে। ঘণ্টায় ১০০ টাকা হিসেবে সাইকেল ভাড়া নিয়ে পর্যটকরা এই ঐতিহাসিক পার্ক ঘুরে দেখেন। আর এই সাইকেল ভাড়া নেওয়াকে কেন্দ্র করে বীরভূমের নলহাটি থানার কয়থা থেকে ঘুরতে আসা একদল পর্যটকের সঙ্গে পার্কের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পার্ক সূত্রে জানা গিয়েছে, ওইদিন বিকেলেই সব সাইকেল কাউন্টার থেকে বেরিয়ে গিয়েছিল। ঘটনার ঠিক আগে এক পর্যটক ঘুরে এসে সাইকেল জমা দেন। সাইকেল কাউন্টারের দায়িত্বে থাকা কর্মী বলেন, সাইকেল নেওয়ার জন্য টাকা দিয়ে নাম লেখাতে হয়। নলহাটির কয়থার পর্যটক বরকত আলি শেখের আগে আরও কয়েকজনের নাম ছিল। কিন্তু উনি একপ্রকার জোর খাটিয়ে সাইকেল নিতে চাইছিলেন। আমি বাধা দিতেই গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করায় পর্যটক দলের সকলে ছুটে এসে আমাকে মারধর শুরু করে। সহকর্মীরা বাঁচাতে এলে তাঁদেরও মারধর করা হয়। যদিও বরকত আলি শেখের পাল্টা অভিযোগ, সাইকেল নিতে গেলে কর্মীরা আমাদের গালিগালাজ করে। প্রতিবাদ করায় ব্যাপক মারধর করে। মহিলাদেরও ছাড়া হয়নি। 
অন্যদিকে, সংঘর্ষের ঘটনার পর পার্কের কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিস মোতায়েনের দাবি জানিয়েছেন তাঁরা। পার্কের কর্মী সিরাজুল ইসলাম বলেন, এর আগে বেশ কয়েকবার কর্মীদের উপর হামলা হয়েছে। পুলিস এসে পৌঁছনোর আগে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। পুলিস থাকলে কেউ গণ্ডগোল করার সাহস পাবে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ