


সংবাদদাতা, রামপুরহাট: বৃহস্পতিবার দুপুরে মা তারার মন্দিরে পুজো দিলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। এদিন সকাল ১১টা নাগাদ তিনি রামপুরহাটের একটি রিসর্টে আসেন। পরে তিনি মন্দিরে আসেন। সিকিমের ফল, মিষ্টি নিয়ে এসে দেবীকে অর্পণ করেন। পরে দেবীকে চুর্ণি, বেনারসী দিয়ে পুজো ও অঞ্জলি দেন। তাঁর পুজো করে দেন মন্দিরের প্রবীণ সেবাইত প্রবোধ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী দেবীর সামনে মন্ত্রপাঠ করার পাশাপাশি আরতি করেন। প্রায় মিনিট কুড়ি ধরে পুজো শেষে তিনি বেরিয়ে এসে সংবাদমাধ্যমে বলেন, দেবী তারার কাছে পুজোর জন্যই আসা। তিনি তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন বিশ্বাস ও ভক্তির পবিত্র পীঠস্থান তারাপীঠে এসে মা তারার দর্শন করতে পেরে আমি সত্যিই ধন্য এবং নিজেকে সৌভাগ্যবান বোধ করছি । অত্যন্ত ভক্তি ও বিনয়ের সঙ্গে, আমি আমাদের প্রিয় এই রাজ্যের শান্তি, সম্প্রীতি এবং সমৃদ্ধির জন্য আন্তরিক প্রার্থনা করেছি এবং সিকিমের জনগণের মঙ্গল, অগ্রগতি এবং সুখের জন্য মা তারার ঐশ্বরিক আশীর্বাদ কামনা করেছি। তাঁর কৃপা আমাদের ঐক্য, করুণা এবং সম্মিলিত বিকাশের পথ পরিচালিত করে চলুক। এদিন সিকিমের মুখ্যমন্ত্রীর পুজো ঘিরে মন্দিরে বেশ কিছু পুলিশ মোতায়েন করা হয়েছিল। মন্দির কমিটির পক্ষ থেকে সিকিমের মুখ্যমন্ত্রীর হাতে দেবী তারার প্রতিকৃতি তুলে দিয়ে অভ্যর্থনা জানানো হয়।