Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণবঙ্গে বর্ষার লক্ষণ অধরা, বজ্রগর্ভ মেঘে কিছু বিক্ষিপ্ত বৃষ্টি

গোটা রাজ্যে সরকারিভাবে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। কিন্তু উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকা ছাড়া বর্ষার বৃষ্টি বলতে যা বোঝায় তার দেখা নেই।

দক্ষিণবঙ্গে বর্ষার লক্ষণ অধরা, বজ্রগর্ভ মেঘে কিছু বিক্ষিপ্ত বৃষ্টি
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোটা রাজ্যে সরকারিভাবে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। কিন্তু উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকা ছাড়া বর্ষার বৃষ্টি বলতে যা বোঝায় তার দেখা নেই। দক্ষিণবঙ্গ জুড়ে শুধু যেখানে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে সেখানে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হচ্ছে। কিন্তু এতে গরমের কষ্ট কমছে না। এরকম পরিস্থিতি আপাতত থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী কয়েকদিন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অস্বস্তিকর গরমের (হট অ্যান্ড হিউমিড) সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। বুধবার দক্ষিণবঙ্গ তথা রাজ্যে সর্বাধিক তাপমাত্রা ছিল পুরুলিয়ায় (৩৯.৩ ডিগ্রি)।  দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি ৩৫-৩৬ ডিগ্রির আশপাশে রয়েছে। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা (৩৬.৪ ডিগ্রি) স্বাভাবিকের চেয়ে ২.৯ ডিগ্রি বেশি ছিল। স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি বেশি ছিল সর্বনিম্ন তাপমাত্রা (২৯.২ ডিগ্রি)। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের উপকূলের কাছাকাছি এলাকায় ভ্যাপসা গরমের কষ্ট আরো  বেশি।  

Advertisement

আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আছে। তবে কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় জোরালো বজ্রমেঘ সৃষ্টির কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। মঙ্গলবার দুপুর নাগাদ বর্ধমান জেলায় শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়। তার দরুন পানাগড়ে প্রায় ৯০ মিমি বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে বর্ধমানেও, পরিমাণ ২২ মিমি। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করে কোনো কোনো জায়গায় বজ্রমেঘ তৈরি হচ্ছে। এই প্রবণতা উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকায় বেশি। তাই সেখানে বৃষ্টি হচ্ছে বেশি পরিমাণে। আলিপুরদুয়ারের কুমারগ্রামে বুধবার সকাল পর্যন্ত ১৩০ মিমি বৃষ্টিপাত হয়েছে। ওই জেলার আরো অনেক স্থানে ৭০ থেকে ১০০ মিমির বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বেশকিছু জায়গায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ