৫০০ বছর আগে শুরু ওপারে, দেশভাগের পর আচার্য পরিবারে আজও হচ্ছে সিদ্ধেশ্বরী পুজো
  • ৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কৃষ্ণনগর: স্বপ্নাদেশে পাওয়া নিম গাছের কাঠ দিয়ে তৈরি হয়েছিল মা সিদ্ধেশ্বরীর বিগ্রহ। প্রায় পাঁচশো বছর আগে বাংলাদেশের যশোর জেলার শৈলকুপা গ্রামে সাধক শংকর আচার্যের হাত ধরে শুরু হয়েছিল এই প্রাচীন কালীপুজো। সময়ের পরিবর্তন হয়েছে, দেশভাগের কারণে পুজোর ঠিকানাও বদলেছে। কিন্তু বদলায়নি মায়ের আদি বিগ্রহ। আজও সেই প্রাচীন নিম কাঠের মূর্তিতেই নিয়ম-নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পুজো হয়ে আসছে কৃষ্ণনগরের ভাতজাংলার নতুন কালীপুরের আচার্য বাড়িতে। প্রায় পাঁচশো বছরের ঐতিহ্য বহন করে চলেছে এই পুজো।

Advertisement

পরিবার সূত্রে জানা যায়, মোগল সম্রাট আকবরের আমলে সাধক শংকর আচার্য স্বপ্নাদেশ পান মা সিদ্ধেশ্বরীর বিগ্রহ প্রতিষ্ঠার। স্বপ্নে মা তাঁকে একটি নিম গাছের কথা জানান। সেই গাছটি ছিল বাংলাদেশের এক মুসলমানের জমিতে। প্রথমে জমির মালিক গাছটি দিতে রাজি হননি। পরে আবার স্বপ্নাদেশে মা জানান, নিম গাছটি জলে ভাসছে। সেই গাছ নিয়ে আসার নির্দেশ দেন তিনি। এরপর ওই নিম গাছ সংগ্রহ করে তার কাঠ দিয়েই তৈরি হয় মা সিদ্ধেশ্বরীর বিগ্রহ। সেই থেকেই বাংলাদেশের যশোরে মায়ের মন্দিরে শুরু হয় পুজো।
প্রায় পাঁচশো বছর আগে প্রতিষ্ঠিত সেই বিগ্রহ আজও অক্ষত রয়েছে। সময়ে সময়ে মূর্তিতে রং করা হলেও মায়ের আদি রূপের কোনও পরিবর্তন হয়নি। প্রাচীন ঐতিহ্য ও পারিবারিক বিশ্বাসকে আঁকড়ে ধরে আজও সেই বিগ্রহেই পুজো করে চলেছেন আচার্য পরিবারের সদস্যরা।
দেশভাগের সময় বাংলাদেশ থেকে এদেশে চলে আসেন গুরুপদ আচার্য ও তাঁর স্ত্রী প্রমীলা বালা। মূলত তাঁদের হাত ধরেই ১৯৫৫ সালে কৃষ্ণনগরের ভাতজাংলার নতুন কালিপুরে মা সিদ্ধেশ্বরীর পুজো পুনঃপ্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে মায়ের বিগ্রহ ভারতে নিয়ে আসার জন্য সরকারি অনুমতিও নেওয়া হয়েছিল। এরপর নতুন ঠিকানায় প্রতিষ্ঠিত হয় মায়ের মন্দির। দেশভাগের স্মৃতি পেরিয়ে এদেশে শুরু হলেও পুজোর প্রাচীন রীতিনীতি আজও অক্ষুণ্ণ।
বাড়ির বর্তমান সদস্য প্রতিমা আচার্য বলেন,  আমাদের মা খুব জাগ্রত। বছরে দু’বার বিশেষ আয়োজনের মাধ্যমে পুজো হয় মা সিদ্ধেশ্বরীর। মাঘ মাসে রটন্তী কালীপুজো ও দীপান্বিতা অমাবস্যায় সাড়ম্বরে পুজো হয়। প্রতিদিন নিয়ম করে মায়ের ভোগ নিবেদন করতেই হয়। 
দেশভাগে ভৌগোলিক সীমানা বদলেছে, বদলেছে পুজোর ঠিকানা। কিন্তু বদলায়নি মা সিদ্ধেশ্বরীর আদি রূপ কিংবা পুজোর প্রতি আচার্য পরিবারের নিষ্ঠা। প্রায় পাঁচশো বছরের ঐতিহ্য মেনে আজও সমমর্যাদায় হয়ে চলেছে এই পুজো। -নিজস্ব চিত্র