নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রতিনিধি হিসেবে ফোন করে এক রেলকর্মীর এক লক্ষ টাকা লোপাটের অভিযোগ উঠল সাইবার প্রতারকদের বিরুদ্ধে। মঙ্গলবার সমস্ত বিষয়টি জানিয়ে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন ওই রেলকর্মী অতন্দ্র কুমার। তিনি জানিয়েছেন, চলতি মাসের ১২ ডিসেম্বর অতন্দ্রবাবু তার স্ত্রীর চিকিৎসার জন্য চেন্নাই গিয়েছিলেন। ১৪ ডিসেম্বর তাঁর কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রতিনিধি পরিচয় দিয়ে ফোন আসে এবং এক লক্ষ টাকা দাবি করা হয়। একদিকে স্ত্রীর অসুস্থতার কারণে নার্সিংহোমের টাকা দেওয়া প্রক্রিয়া চলছিল। এরইমাঝে টাকা চাওয়া হওয়ায় ভুল করে ৯৯ হাজার ৯৯৯ টাকা দিয়ে দেন অতন্দ্রবাবু। যদিও পরবর্তীতে বুঝতে পারেন যে তিনি সাইবার প্রতারকেদের খপ্পরে পড়েছেন। গত ২২ ডিসেম্বর শিলিগুড়িতে ফেরেন তিনি। মঙ্গলবার সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান ওই রেলকর্মী। টাকা উদ্ধার করে দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।



