সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর পুরসভার এক মহিলা কাউন্সিলার সাইবার প্রতারণার শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে ওই কাউন্সিলার শনিবার পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
ওই কাউন্সিলার অভিযোগপত্র জানিয়েছেন, রঘুনাথপুরের একটি ব্যাঙ্কে তাঁর স্বামীর সঙ্গে একটি যৌথ অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টে কিছু টাকা ছিল। তাঁর স্বামী মারা যাওয়ার পর সেই অ্যাকাউন্টের টাকা কাউন্সিলার অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চেয়েছিলেন। তারই মাঝে গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় তাঁর কাছে একটি নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, তিনি একজন ব্যাঙ্কের কর্মী কথা বলছেন। তাঁর অ্যাকাউন্টে যে টাকা রয়েছে তা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তার জন্য কাউন্সিলারের ফোনে একটি ওটিপি যাবে। সেই ওটিপি শেয়ার করলেই ট্রান্সফার হয়ে যাবে। সেই মতো ওই কাউন্সিলার ফোনে থাকা অপর প্রান্তের ব্যক্তিকে বিশ্বাস করে সব তথ্য দিয়ে দেন। আর তারপরেই অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে আড়াই লক্ষ টাকা তুলে নেওয়া হয়। কাউন্সিলারের নিজস্ব একটি অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্ট থেকেও প্রায় ২৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে কাউন্সিলার নিজের নাম প্রকাশ করতে চাননি।



