সংবাদদাতা, বর্ধমান: রায়নায় মোবাইল খোয়া যাওয়ার পর এক অবসরপ্রাপ্ত সেনাকর্মীর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দু’টি অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে। মোবাইল হারানোর ঘণ্টাখানেকের মধ্যে সার্ভিস প্রোভাইডারের কাস্টমার কেয়ার নম্বরে ফোন করে তিনি সিম ব্লক করেছিলেন। তা সত্ত্বেও অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়েছে। এবিষয়ে তিনি সাইবার প্রতারণা-সংক্রান্ত পোর্টালে অভিযোগ জানিয়েছেন। সাইবার থানাতেও লিখিত অভিযোগ জানিয়েছেন। পরে ব্যাঙ্কের পরামর্শে রায়না থানায় অভিযোগ দায়ের করেন। ওই থানার এক আধিকারিক বলেন, মামলা রুজু করা হয়েছে। তদন্তে সাইবার থানার সাহায্য নেওয়া হবে। রায়না থানা এলাকায় ওই অবসরপ্রাপ্ত সেনাকর্মীর বাড়ি। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় তাঁর দু’টি অ্যাকাউন্ট রয়েছে। দু’টি অ্যাকাউন্টই একটি মোবাইল নম্বরের সঙ্গে সংযুক্ত। কয়েকদিন আগে বাজারে তাঁর মোবাইলটি খোয়া যায়। ঘণ্টাখানেকের মধ্যে তিনি কাস্টমার কেয়ার নম্বরে ফোন করে সিম ব্লক করে দেন। মোবাইল খোয়ানোর দু’দিন পর তিনি ব্যাঙ্কে গিয়ে একটি অ্যাকাউন্টের পাসবই আপডেট করেন। এরপরই দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে চার দফায় এক লক্ষ টাকা তোলা হয়েছে। এনিয়ে তিনি সাইবার ক্রাইম হেল্পলাইনে ফোন করেন। তারপর অপর অ্যাকাউন্টের পাসবই আপডেট করে দেখেন, সেখান থেকেও কয়েক দফায় ১ লক্ষ ৪৯ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। সেটিও সাইবার ক্রাইম হেল্পলাইনে ও পরে সাইবার থানায় জানান। পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষের পরামর্শে রায়না থানার দ্বারস্থ হন।



