নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: সাইবার প্রতারণায় খোয়া যাওয়া লক্ষাধিক টাকা ফেরাল খানাকুল থানার পুলিস। বৃহস্পতিবার আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও ওসি অভিযোগকারীদের হাতে উদ্ধার হওয়া টাকার চেক তুলে দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, খানাকুল থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তিকে ডিজিটাল অ্যারেস্টের নাম করে হুমকি দিয়ে ৫০ হাজারের বেশি টাকা প্রতারণা করা হয়েছিল। সেই ঘটনায় প্রায় ২৬হাজার টাকা উদ্ধার হয়। আরও একটি ঘটনায় ক্রেডিট কার্ড প্রতারণায় প্রায় ৭৬হাজার টাকা উদ্ধার করেছে পুলিস। এদিন অভিযোগকারীদের তা ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া খানাকুল থানা এলাকায় হারিয়ে যাওয়া প্রায় ২০টি মোবাইলও এদিন প্রকৃত মালিকদের হাতে ফেরানো হয়। এসডিপিও বলেন, সাইবার ক্রাইম নিয়ে প্রতিটি থানায় আমাদের বিভাগ রয়েছে। এছাড়া যাতে কেউ সাইবার প্রতারণার শিকার না হন তারজন্য সচেতন করা হচ্ছে।



