Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইবার প্রতারণায় টাকা খোয়ালেন ২ যুবক

সাইবার প্রতারণায় টাকা খোয়ালেন ২ যুবক
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিয়া: হলদিয়ার সুতাহাটা ও ভবানীপুর থানা এলাকায় সাইবার প্রতারণার শিকার হলেন দুই যুবক। তাঁদের থেকে প্রায় দু’লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে সুতাহাটার যুবকের মোবাইল খোয়া গিয়েছিল। আর ভবানীপুরে মোবাইলে লিঙ্ক পাঠিয়ে অভিনব উপায়ে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। সুতাহাটার ঘটনায় জামতাড়া গ্যাংয়ের যোগ রয়েছে বলে পুলিস মনে করছে। তদন্তকারী আধিকারিকরা জানান, হলদিয়া শিল্পাঞ্চলকে অনেক আগেই টার্গেট করেছে ওই গ্যাং। ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, শিক্ষক সহ নানা পেশার মানুষের টাকা হাতিয়ে নিতে তারা প্রতিনিয়ত কৌশল বদল করছে। সুতাহাটার বাসিন্দা সৌমেনকুমার পণ্ডার মোবাইল হারিয়ে যাওয়ার পর তাঁর অ্যাকাউন্ট থেকে ৪০হাজারের বেশি টাকা গায়েব হয়েছে। সৌমেনবাবু বন্দরে ঠিকা শ্রমিকের কাজ করেন। ফোন হারানোর পর তিনি থানায় অভিযোগ করেছিলেন। এরপর একই নম্বর রেখে নতুন সিম কেনেন। সেই সিম নয়া মোবাইলে লাগানোর পরই তাতে মেসেজ আসতে শুরু করে। সৌমেনবাবু দেখেন, তাঁর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩৯হাজার ও অপর অ্যাকাউন্ট থেকে ১৭০০টাকা হঠাৎ উধাও হয়ে গিয়েছে। তিনি সুতাহাটা ও সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছেন। পুলিস জানিয়েছে, ওই টাকা প্রথমে অন্য একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঠানো হয়। পরে সেই টাকা তিন দফায় তুলে নেওয়া হয়েছে। কিছুদিন আগেই হলদিয়া ইন্সটিটিউট অব টেকনোলজির এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের এক অধ্যাপকের লক্ষাধিক টাকা প্রতারকরা একইভাবে হাতিয়ে নিয়েছিল। সেমিনারে যোগ দিতে দিল্লি যাওয়ার পথে ওইভাবে টাকা গায়েব হওয়ায় ওই অধ্যাপক সমস্যায় পড়েছিলেন। হলদিয়ায় অভিনব উপায়ে সাইবার প্রতারণা বাড়তে থাকায় বাসিন্দারা দুশ্চিন্তায় রয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ