Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইবার প্রতারণায় খোয়া গেল দশ হাজার টাকা

সাইবার প্রতারণায় খোয়া গেল দশ হাজার টাকা
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: প্রশাসন সতর্ক করলেও হুঁশ নেই অনেকের। ফলে প্রতারণার ফাঁদে পা দিয়ে টাকা খোয়াতে হল ময়নাগুড়ি শহরের এক বাসিন্দাকে। দিশেহারা হয়ে শনিবার তিনি ময়নাগুড়ি থানার দ্বারস্থ হন। প্রতারকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ময়নাগুড়ি থানার পুলিস অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে।শহরের ১৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা মৃণাল সরকারের মোবাইলে ৮ জানুয়ারি ফোন আসে। একটি অ্যাপসের ম্যানেজারের পরিচয় দিয়ে এক ব্যক্তি তার সঙ্গে আলাপ শুরু করে। অভিযোগ, সেই ব্যক্তি মৃণালবাবুকে বলে, অনলাইনে একটি ভালো অফার রয়েছে। যেখানে টাকা পাঠালে প্রচুর ক্যাশব্যাক পাওয়া যাবে। প্রতারণার ফাঁদে পড়বেন সেটা কিন্তু সেই মুহূর্তে বুঝতে পারেননি মৃণালবাবু। তিনি প্রথমে ২ হাজার টাকা পাঠান। এরপরে অভিযুক্ত ব্যক্তির কথা অনুযায়ী আরও তিন ধাপে দুই হাজার, একবার এক হাজার এবং আরেকবার ৭৪৯ টাকা তিনি পাঠান। কিন্তু এরপর ক্যাশব্যাক তো দূরের কথা তার অ্যাকাউন্ট থেকেই টাকা গায়েব হয়ে যায়। আর তাতেই মাথায় হাত পরে মৃণাল সরকারের। দ্রুত তিনি অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন। এদিন থানায় দাঁড়িয়ে মৃণালবাবু বলেন, একটি অ্যাপসের ম্যানেজার পরিচয় দিয়ে  আমার কাছে ফোন এসেছিল। সে আমাকে একটি লোগো পাঠিয়েছিল। বলেছিল, সেই লোগোতে ক্লিক করে দিলে ক্যাশব্যাক পাওয়া যাবে। প্রতারণার ফাঁদে পড়বো বুঝতে পারিনি। সেই কারণেই প্রায় ১০ হাজার টাকা আমাকে খোয়াতে হল। আইসি সুবল ঘোষ বলেন, প্রশাসন বিভিন্নভাবে মানুষজনদের সতর্ক করছে। এরপরেও অনেকেই সতর্ক থাকছেন না। আর সে কারণেই এমন ঘটনা ঘটছে। ঘটনার তদন্ত চলছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ