নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, বর্ধমান: প্রতারণার অভিযোগে খোদ ব্যাঙ্ক ম্যানেজার গ্রেপ্তার হলেন। সোমনাথ মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তি ভাতারে একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার পদে ছিলেন। তিনি গ্রাহকদের নথি হাতিয়ে তাঁদের নামে অ্যাকাউন্ট খোলেন। সেই অ্যাকাউন্টগুলির মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে। এমনই অভিযোগ পাওয়ার পর ভাতার থানার পুলিস ঝাড়খণ্ড থেকে তাঁকে গ্রেপ্তার করেছে। ডিএসপি (ক্রাইম) সুরজিৎ মণ্ডল বলেন, ওই ব্যাঙ্ক ম্যানেজার সাইবার প্রতরণা করেছেন বলে অভিযোগ হয়। গ্রাহকদের নামে খোলা অ্যাকাউন্টগুলিতে কোথা থেকে টাকা এসেছিল বা সেগুলি কী কাজে ব্যবহার হয়েছে তা তাকে জেরা করে জানা হবে।
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃত ব্যাঙ্ক ম্যানেজারের আদি বাড়ি ঝাড়খণ্ডের রাঁচি জেলার বারিয়াটু থানার কুসুমবিহারে। বর্তমানে সে রাঁচি জেলার সোনাহাটু থানার পাণ্ডাডিহিতে থাকে। সেখান থেকেই শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ১৪মে মামলা করেছিলেন ভাতার থানার সুকান্তপল্লির বাসিন্দা অয়ন ঘোষ। মামলা রুজু করে তদন্তের জন্য ভাতার থানার ওসিকে নির্দেশ দেন সিজেএম। অভিযোগে অয়ন জানান, তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তাঁর মা ক্যান্সারে আক্রান্ত। বাবা বয়স্ক। মায়ের চিকিৎসার জন্য তিনি লোনের জন্য ঘুরছিলেন। সেসময় তাঁর সঙ্গে ভাতার থানার নতুনগ্রামের একজনের পরিচয় হয়। সে একটি বেসরকারি ব্যাঙ্কের বর্ধমান শাখা থেকে লোন করিয়ে দেওয়ার আশ্বাস দেয়। লোন নেওয়ার জন্য আরও গ্রাহক জোগাড় করে দিলে তাঁকে কোনও প্রসেসিং ফি দিতে হবে না বলে বলা হয়। এরপর তাঁকে বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার সোমনাথের কাছে আনা হয়। তাঁর সঙ্গে আরও কয়েকজন ঋণ নেওয়ার জন্য আসেন। তাঁদেরকে বিভিন্ন কাগজপত্রে সই করিয়ে নেওয়া হয়। ব্যাঙ্কে তাঁদের কারেন্ট অ্যাকাউন্টও খোলা হয়। তাঁদের চেকবই, এটিএম কার্ড অন্য একজন নেয় এবং তাঁদের চেকবুকে সই করিয়ে নেওয়া হয়। পরে তাঁকে লোন অনুমোদন হয়েছে বলে জানানো হয়। তিনি লোনের ৫০ হাজার টাকা তোলেন। পরে তিনি জানতে পারেন, তাঁদের অ্যাকাউন্ট অন্যজন ব্যবহার করছে এবং অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। এরপর তিনি এবং অন্যান্য ঋণগ্রহিতারা অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ব্যাঙ্কের ম্যানেজারকে বলেন। যদিও অ্যাকাউন্ট বন্ধ করা হয়নি। এমনকী তাঁদের ব্যাঙ্কের লেনদের স্টেটমেন্টও দিতে অস্বীকার করেন ব্যাঙ্কের ম্যানেজার। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন। তারপরই পুলিস তদন্তে নেমে ওই ব্যাঙ্ক ম্যানেজারকে গ্রেপ্তার করেছে।



