Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইবার জালিয়াতি? শোরগোল পাঞ্জিপাড়ায়, ব্যাঙ্ক থেকে বাংলার বাড়ির টাকা উধাও!

সাইবার জালিয়াতি? শোরগোল পাঞ্জিপাড়ায়, ব্যাঙ্ক থেকে বাংলার বাড়ির টাকা উধাও!
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: ট্যাবের টাকা জালিয়াতির ক্ষত এখনও দগদগে। এবার বাংলার বাড়ির টাকার ক্ষেত্রেও কী একই রকম প্রতারণা শুরু হয়েছে? উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের পাঞ্জিপাড়া পঞ্চায়েতের কয়েকটি এলাকায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা। তারপরেই সন্দেহ জোরদার হচ্ছে। ট্যাব কাণ্ডের সময় মূলত চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর জুড়ে জালিয়াতরা জাল পেতেছিল। প্রায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল প্রতারণার অভিযোগে। এবার সেই একই এলাকায় টাকা গায়েবের ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন উপভোক্তারা।
Advertisement
বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির ৬০ হাজার করে টাকা করে অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। কিন্তু পাঞ্জিপাড়ায় একাংশের উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২০ থেকে ২৬ হাজার পর্যন্ত টাকা উধাও হয়ে গিয়েছে বলে খবর প্রশাসন সূত্রে। এখন উপভোক্তারা তাঁদের স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন কি না সংশয়। এই বিষয়ে দ্রুত প্রশাসনের পদক্ষেপের দাবি তুলেছেন তাঁরা।
পাঞ্জিপাড়ার শান্তিনগর এলাকার উপভোক্তা ভারতী বিশ্বাস বলেন, ২৬ ডিসেম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখি প্রকল্পের ৬০ হাজার টাকা ঢুকেছে। ১০ হাজার টাকা তুলে নিয়েছিলাম। ১ জানুয়ারি ব্যাঙ্কে গিয়ে জানতে পারি ২৮ ও ৩০ ডিসেম্বর ৯ হাজার ৯০০ করে মোট ১৯ হাজার ৮০০ টাকা তোলা হয়েছে। তখন ২ হাজার ৭৪ টাকা অ্যাকাউন্টে রেখে বাকি টাকা তুলে নিয়েছিলাম। এখন দেখছি সেই দুই হাজার টাকাও তুলে নেওয়া হয়েছে। মোট ২১ হাজার ৮০০ টাকা উধাও হয়েছে। এবিষয়ে সাইবার থানায় অভিযোগ জানিয়েছি।
পাঞ্জিপাড়ার সরকার পাড়ার উপভোক্তা সঞ্জয় বিশ্বাসও মনে করছেন তিনি জালিয়াতদের খপ্পরে পড়েছেন। তাঁর কথায়, ২৩ ডিসেম্বর অ্যাকাউন্টে ঘরের ৬০ হাজার টাকা ঢুকেছিল। ২৭ ডিসেম্বর ১০ হাজার টাকা তুলেছি। ২৮ ডিসেম্বর প্রথমে ৭ হাজার, পরে ১০ হাজার এবং ২৯ ডিসেম্বর ৯ হাজার ৯০০ টাকা, অর্থাত্ মোট ২৬ হাজার ৯০০ টাকা কেউ তুলে নিয়েছে। অ্যাকাউন্টে থেকে টাকা উধাও হয়েছে দেখে বাকিটা রাখার সাহস হয়নি।
নতুনপাড়ার উপভোক্তা নমিতা মণ্ডল ১০ হাজার টাকা তুলে ৫০ হাজার টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন। শনিবার তিনি ব্যাঙ্কে গিয়ে দেখেন অ্যাকাউন্টে মাত্র ২২ টাকা জমা আছে। তিনিও সোমবার সাইবার থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
উপভোক্তা মহম্মদ নুরইউজের অ্যাক্যাউন্ট থেকে ২৬ ও ২৮ ডিসেম্বর ১৯ হাজার ৯০০ টাকা উধাও হয়ে গিয়েছে। ব্যাঙ্কে অভিযোগ করেছেন তিনি। অতিরিক্ত পুলিস সুপার ডেন্ডুপ শেরপা বলেন, বিষয়টি শুনেছি। সাইবার থানায় অভিযোগ করতে বলা হয়েছে সবাইকে। আমরা ঘটনার তদন্ত করে দেখছি।
গোয়ালপোখরের বিডিও কৌশিক মল্লিক বলেন, এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানি না। পাঞ্জিপাড়া পঞ্চায়েতের উপ প্রধান রাজা সিংয়ের মন্তব্য, বিষয়টি শুনেছি। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।
সম্পর্কিত সংবাদ