Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সেই সুভাষিণী মাঠে ফ্লপ শো বিজেপির

সেই সুভাষিণী মাঠে ফ্লপ শো বিজেপির
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: ২৩ জানুয়ারি। কালচিনির সুভাষিণী বাগানের মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে ছিল উপচে পড়া ভিড়। মুখ্যমন্ত্রীর সভাকে টেক্কা দিতে রবিবার সেই মাঠেই পাল্টা জনসভার ডাক দিয়েছিল বিজেপি। কিন্তু, পাল্টা জনসভার ডাক দিয়ে কার্যত মুখ পোড়াল বিজেপি। ওয়াকিবহাল মহলের মতে, এদিনের জনসভা একেবারেই ফ্লপ শো’তে পরিণত হয়েছে। 
Advertisement
এদিন সুভাষিণীর মাঠে বিজেপির সভায় মেরেকেটে সাড়ে তিন থেকে চার হাজার লোক হয়েছে। এই ফ্লপ শো হওয়ায় স্বস্তিতে তৃণমূল নেতারা।
এদিন সুভাষিনীর সভা থেকে বিজেপি নেতারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর চা শ্রমিকদের নিয়ে সাতদিনের জন্য উত্তরকন্যা অবরুদ্ধ করার ডাক দিয়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল সরকার চা বাগানের ৩০ শতাংশ জমি বেসরকারি সেক্টরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সভায় বিজেপি নেতারা বলেন, রাজ্যের তৃণমূল সরকারকে এই সিদ্ধান্ত থেকে পিছু হঠতে বাধ্য করতে এক লক্ষ চা শ্রমিক নিয়ে উত্তরকন্যা অবরুদ্ধ করা হবে। বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সম্পাদক মৃদুল গোস্বামী বলেন, চা শ্রমিকরা যে আর বিজেপির সঙ্গে নেই,  সুভাষিণীর  মাঠে ওই সভা থেকেই তা পরিস্কার হয়ে গিয়েছে। বিজেপির সভা ফ্লপ। কেন্দ্রীয় বাজেটে চা শ্রমিকদের জন্য প্যাকেজ নেই। বিজেপি চা শ্রমিকদের শুধু ভাঁওতাই দিয়ে এসেছে। কাজেই বিজেপির উত্তরকন্যা অভিযানও ফ্লপ হবে। জবাবে বিজেপির জেলা সভাপতি তথা এমপি মনোজ টিগ্গা বলেন, দলের ডাকা রবিবারের জনসভায় চা শ্রমিকদের ব্যাপক ভিড় হয়েছে। আসলে মানুষের নজর ঘোরাতে তৃণমূল বলছে আমাদের জনসভা নাকি ফ্লপ হয়েছে। এসব বলে লাভ নেই।
Advertisement
সম্পর্কিত সংবাদ