Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্যুট আউটের পর শঙ্কিত সব মহলই, মালদহে বন্দুকের লাইসেন্স পেতে হুড়োহুড়ি শুরু

শ্যুট আউটের পর শঙ্কিত সব মহলই, মালদহে বন্দুকের লাইসেন্স পেতে হুড়োহুড়ি শুরু
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সন্দীপন দত্ত, মালদহ: ইংলিশবাজার শ্যুটআউট কাণ্ডের পর শঙ্কিত মালদহের বিভিন্ন মহল। প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, অনেকেই বন্দুকের লাইসেন্সের জন্য খোঁজখবর নিচ্ছেন। 
Advertisement
জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া এবিষয়ে বলেন, যারা লাইসেন্সের জন্য আবেদন করতে চান, আমরা তাঁদের অগ্রাধিকার দেব। সমস্ত নিয়ম মেনে চেষ্টা করব দ্রুত লাইসেন্স ইস্যু করতে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করলেই ইস্যু করা হয় না। প্রথমে খতিয়ে দেখা হয় আবেদনকারীর কোনও রকম জীবন সংশয় আছে কি না। তাঁর কি সত্যিই বন্দুকের প্রয়োজন আছে, নাকি প্রতিপত্তি দেখানোর জন্য আবেদন করছেন, সেটাও দেখে প্রশাসন।  
মালদহে বর্তমানে দু’হাজার ব্যক্তিগত বন্দুকের লাইসেন্স ইস্যু করেছে প্রশাসন। এর মধ্যে দোনলা, একনলার সঙ্গে পিস্তল এবং রিভলভারের লাইসেন্সও ইস্যু করা হয়েছে। গত ডিসেম্বরেই এই দু’হাজার বন্দুকের লাইসেন্স পুনর্নবীকরণ করা হয়। 
দিন তিনেক আগে নিরাপত্তার দাবি জানিয়ে জেলাশাসকের সঙ্গে বৈঠক করেছেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ অন্য কাউন্সিলাররা। ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর পাশাপাশি ওই বৈঠকে বেশ কয়েকজন কাউন্সিলার ব্যক্তিগত বন্দুকের লাইসেন্স পাওয়ার জন্য কি কি নিয়ম আছে, তা জানতে চান জেলাশাসকের কাছে। 
রাজনীতিবিদদের পাশাপাশি ব্যবসায়ী, চিকিৎসক, অধ্যাপক সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অনেকেই এখন বন্দুকের লাইসেন্সের জন্য খোঁজখবর নিতে শুরু করেছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির মালদহ জেলার সম্পাদক উজ্জ্বল সরকার বলেন, বাবলা সরকারকে খুনের পর থেকে অনেকেই নিরাপত্তার অভাব বোধ করছেন। এছাড়াও বেশ কয়েকবার সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সব মিলিয়ে অনেক স্বর্ণ ব্যবসায়ী আমাদের কাছে জানতে চাইছেন, ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার জন্য লাইসেন্স কীভাবে পাওয়া যাবে।  আমরা তাঁদের বোঝানোর চেষ্টা করছি।
সম্পর্কিত সংবাদ