নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল সরকারের আমলে কাটমানি, তোলাবাজি, অবৈধ টোল আদায়, সিন্ডিকেটরাজ মাত্রাছাড়া হয়ে উঠেছিল বলে অভিযোগ। রাজ্যে ক্ষমতার আসার পর থেকেই এনিয়ে সোচ্চার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সরকার এসব অবৈধ কাজকর্ম বন্ধ করতে বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তিনি। সেই লক্ষ্যে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল নবান্ন। চারটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। মঙ্গলবার ভবানী ভবনে আনুষ্ঠানিকভাবে এই চারটি হেল্পনাইন নম্বর চালু করেন মুখ্যমন্ত্রী। আম জনতা এই নম্বরগুলিতে ফোন করে অভিযোগ জানাতে পারবে। সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগের জন্য টোল ফ্রি নম্বর ১৫৫৩৩৫। অবৈধভাবে নেওয়া রোড ট্যাক্স বা টোল নিয়ে অভিযোগের হেল্পলাইন নম্বর ১৫৫৩৩৭। এছাড়া, কাটমানি এবং চোলাই মদের ঠেক নিয়ে অভিযোগ জানাতে গেলে ফোন করতে হবে যথাক্রমে ১৫৫৩৩৪ এবং ১৫৫৩৩৯ নম্বরে। এর পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী পুলিশকর্মীদের রেশন ভাতা ৫০০ টাকা বাড়ানোর কথাও ঘোষণা করেন। এক লক্ষ পুলিশকর্মী নিয়োগের পাশাপাশি পুলিশের পরিকাঠামো উন্নয়নে এক গুচ্ছ পরিকল্পনা গ্রহণের কথা জানান শুভেন্দু।
এদিন রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। সেই লড়াইয়ে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। রাজ্য সরকারের তরফে স্পষ্ট বার্তা, দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ করা হবে।’ তিনি আরও জানান, এই হেল্পলাইন নম্বরগুলিতে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অভিযোগ জানানো যাবে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে নম্বরগুলি। তবে এর অপব্যবহার যাতে না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অভিযোগের নাম করে কেউ ভুল তথ্য দিলে আইনি পদক্ষেপ করা হবে। অনুষ্ঠানে মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল বলেন, ‘টোল ফ্রি নম্বরে আসা প্রতিটি কল রেকর্ড করা হবে। প্রতিটি অভিযোগের নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা থাকবে। অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ করা হয়েছে, তার রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়বে। এর জন্য তৈরি হচ্ছে এসওপি।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘রাজ্য ও কলকাতা পুলিশের গরিমা ফিরিয়ে আনা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনদিনের সফরে পুলিশ ব্যবস্থাকে অত্যাধুনিক এবং গতিশীল করার কথা বলে গিয়েছেন। আমরা পুলিশে এক লক্ষ নিয়োগ করব। ৪৭ হাজার শূন্যপদ রয়েছে। যে ১৪ হাজার কনস্টেবল পুলিশের ট্রেনিং নিয়েও বসে রয়েছেন, তাঁদের নামানো হবে পুজোর আগেই।’ সেই সঙ্গে তিনি ঘোষণা করেন, পুলিশকর্মীদের রেশন ভাতা ১৫০০ থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হচ্ছে। অক্টোবর থেকেই এই বাড়তি ভাতা পাবেন তাঁরা। ওই সময় থেকেই মিলবে বকেয়া ডিএ-র ২০ শতাংশও। রাজ্য পুলিশের ২০০ থানাকে অত্যাধুনিক সুবিধাযুক্ত করে গড়ে তোলার পাশাপাশি পুলিশের আধুনিকীকরণ ও উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। এবার ১৫ আগস্টের কুচকাওয়াজে কলেজ পড়ুয়াদের অংশগ্রহণ থাকলেও স্কুলের ছাত্রছাত্রীদের বাদ রাখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।