আমেদাবাদ: শনিবার মোতেরায় পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে ৩৬ রানে হারিয়েছে গুজরাত টাইটান্স। তবে সেই জয়ের মধ্যেও গুজরাতের মিডল অর্ডার নিয়ে প্রশ্ন থাকছে। টপ অর্ডারে সাই সুদর্শন (৬৩), অধিনায়ক শুভমান গিল (৩৮) ও জস বাটলার (৩৯) ছাড়া কেউ কুড়ির বেশি রান করেননি। শাহরুখ খান (৯), শেরফানে রাদারফোর্ড (১৮), রাহুল তেওয়াটিয়া (০), রশিদ খানরা (৬) ব্যর্থ। গুজরাত ক্যাপ্টেন গিল যদিও চিন্তিত নন একেবারেই। তাঁর কথায়, ‘মিডল অর্ডার নিয়ে উদ্বেগের কিছু রয়েছে বলে মনে করি না। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আগের ম্যাচেই আমরা ২৪৩ তাড়া করে ২৩২ তুলেছি। চার নম্বরে নেমে রাদারফোর্ড ৪৬ করেছিল। তাই আমরা একেবারেই মিডল অর্ডার নিয়ে ভাবছি না।’
পাঞ্জাবের বিরুদ্ধে অবশ্য হেরেছিল গুজরাত। চলতি মরশুমে তাদের প্রথম জয় এল শনিবার। গিলের বিশ্লেষণ, ‘এই জয়ের নেপথ্যে অনেকগুলো কারণ রয়েছে। পাওয়ার প্লে’তে আমরা ভালো শুরু করেছিলাম। এই ধরনের পিচে দুশোর কাছাকাছি স্কোর যথেষ্ট চ্যালেঞ্জিং। তবে আমরা আত্মবিশ্বাসী হয়ে বোলিং করেছি। শুধু পাওয়ার প্লে’তেই নয়, মাঝের ওভারগুলোতেও আমরা আটকে রেখেছি বিপক্ষ ব্যাটসম্যানদের। সবকিছুই ঠিকঠাক হয়েছে।’ হোম কন্ডিশনের সুবিধা পাওয়ার কথাও স্বীকার করেছেন গিল। তাঁর কথায়, ‘প্রতিটা দলেরই কিছু শক্তিশালী দিক রয়েছে। সেটাকে যতটা সম্ভব বাড়িয়ে তোলাই ঘরের মাঠে খেলার সুবিধা। মোতেরার পিচ যেমন আমাদের ব্যাটিং ও বোলিং স্টাইলের সঙ্গে মানানসই। লাল মাটির পিচের তুলনায় এখানেই আমরা বেশি স্বচ্ছন্দ।’ উল্লেখ্য, ঘরের মাঠে আইপিএলে ১০০০ রান হয়ে গিয়েছে গিলের। মাত্র ২০ ইনিংসে এই কৃতিত্ব তাঁর। আইপিএলের কোনও ভেন্যুতে হাজার রানে গিলই দ্বিতীয় দ্রুততম। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মাত্র ১৯ ইনিংসে ১০০০ রান পূর্ণ করেছিলেন ক্রিস গেইল। সেই মাঠে ক্যারিবিয়ান কিংবদন্তির মোট ১৫৬১ রান রয়েছে।