Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শীতের সুযোগে বাংলাদেশে কাশির সিরাপের পাচার বেড়েছে

শীতের সুযোগে বাংলাদেশে কাশির সিরাপের পাচার বেড়েছে
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করিমপুর: বাংলাদেশে অস্থির পরিস্থিতিতেও সক্রিয় সীমান্তের পাচারচক্র। শীত পড়তেই সক্রিয় হয়েছে পাচারকারীরা এবং বেড়েছে নিষিদ্ধ কাশির সিরাপের কারবার। গত দশ দিনে তেহট্ট সীমান্তের বিভিন্ন জায়গা থেকে কাশির সিরাপ উদ্ধার করেছে পুলিস। মঙ্গলবার দুপুরে করিমপুর কৃষ্ণনগর রাজ্য সড়কে তেহট্ট থানার এগরাপোতা এলাকায় একটি মালবাহী গাড়ি থেকে পুলিস পাঁচ হাজার বোতল কাশির সিরাপ উদ্ধার করে। গাড়িটি কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল। এদিন রাতেই মুরুটিয়া থানার পড়াতলা মোড়ে একটি মারুতি থেকে তল্লাশি চালিয়ে পাঁচশো বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করে। চলতি মাসের প্রথম সপ্তাহে হোগলবেড়িয়ার কুমরি পঞ্চান্ন মাইলের কাছে একটি মেরুন রঙের ইনডিগো গাড়ি থেকেও উদ্ধার হয় এক হাজার চারশো বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। সেদিন কৃষ্ণগঞ্জ থেকে মুর্শিদাবাদের জলঙ্গির দিকে যাওয়ার সময় পুলিস কাশির সিরাপ উদ্ধারের পাশাপাশি বিপ্লব বিশ্বাস ও অনিমেষ বিশ্বাস নামে দুইব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিস জানায়, সীমান্ত এলাকায়পাচার একটি দীর্ঘদিনের সমস্যা। বিভিন্ন সুবিধা থাকায় শীতের মরশুমে পাচার বেড়ে যায়। কারণ শীতকালে সন্ধ্যা নামলেই ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায়। ঠান্ডার জন্য সকলের শরীরে সোয়েটার, জ্যাকেট বা চাদর জড়ানো থাকে। তার মধ্যে লুকিয়ে গাঁজার প্যাকেট বা সিরাপের বোতল সহজেই নিয়ে যাওয়া যায়। এই সুযোগকেই কাজে লাগায় পাচারকারীরা। সীমান্তের মানুষরা জানান,অবৈধ জেনেও পাচারকে অনেকে আর পাঁচটা ব্যবসার মতোই মনে করেন। জীবনের ঝুঁকি থাকলেও পাচারে অল্প সময়ে প্রচুর টাকা রোজগার করা যায়। আট ঘণ্টা দিনমজুরির কাজ করে যেখানে সর্বাধিক দেড়শো-দুশো টাকার বেশি রোজগার হয় না সেখানে রাতের অন্ধকারে দুই তিন ঘণ্টায় কয়েক গুণ বেশি টাকা ঘরে আসে। তেহট্টের এসডিপিও শুভতোষ সরকার বলেন, সীমান্তে পাচার বন্ধ করতে পুলিস সবরকম চেষ্টা করছে। গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তের বিভিন্ন থানার পুলিস দিনরাত নজর রাখছে এবং পাচারের মাল ও গাড়ি বাজেয়াপ্ত করেছে। পাচারকারীদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকার যে সকল পাচারকারীদের নাম পুলিসের খাতায় রয়েছে তাদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। যে কারণে তারা যেমন স্বস্তিতে নেই তেমনি পাচার করার সুযোগ দেওয়া হচ্ছে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ