Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শীতের শুরুতে চা মহল্লায় হানা দিতে পারে চিতাবাঘ, আতঙ্ক কাটাতে শিবির করবে বনদপ্তর

শীতের শুরুতে চা মহল্লায় হানা দিতে পারে চিতাবাঘ, আতঙ্ক কাটাতে শিবির করবে বনদপ্তর
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: শীতের মরশুম এলে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে চিতাবাঘ। ফলে স্বাভাবিকভাবে এই সময় চিতাবাঘের হানার ভয়ে রাত কাটাতে হয় গ্রামবাসীকে। বিশেষ করে চা মহল্লায় এই আতঙ্ক বেশী। এই ভয় কাটাতে এবং পরিবারগুলিকে সুরক্ষিত রাখার উদ্দেশে চা শ্রমিক মহল্লায় বিশেষ সচেতনতা শিবির করবে বনদপ্তর। চা বাগানের বিভিন্ন মহল্লায় শিবির করবেন মাদারিহাটের রেঞ্জার শুভাশিস রায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, শীতের মরশুমে চিতাবাঘ প্রসবের জন্য নিরাপদ স্থান হিসাবে চা বাগান ও নদী তীরবর্তী জঙ্গলকে বেছে নিতে লোকালয়ে চলে আসে। সাধারণ মানুষ যাতে চিতাবাঘের হামলার শিকার না হন, সেজন্য জলদাপাড়া ডিএফও-র নির্দেশে এই শিবির বসবে। সোমবার এবং মঙ্গলবার জটেশ্বর-১ গ্রাম পঞ্চায়েত এবং দলগাঁও গ্রামপঞ্চায়েতের বিভিন্ন চা মহল্লায়  এই শিবির বসবে। গতবছর ২৭আগস্ট মধ্যরাতে জটেশ্বর-১ গ্রাম পঞ্চায়েতের অতীতপাড়া এলাকায় লেপার্ডের হামলায় মৃত্যু হয় এক বৃদ্ধার। ১৭ সেপ্টেম্বর দলগাঁও বস্তিতে একই বাড়িতে তিন খুদেকে আক্রমণ করে চিতাবাঘ। সেই ঘটনার পর তাসাটির ঘাসিলাইনে এক বালককে মেরে ফেলে চিতাবাঘ। ২০২৪ সালের ৮জানুয়ারি দলগাঁও চা বাগানের রামমন্দির এলাকায় এক মানসিক ভারসাম্যহীন মহিলার খুবলে খাওয়া দেহ মেলে। তার দুদিন পরে বীরপাড়া চা বাগানে এক কিশোরীর খুবলে খাওয়া মৃতদেহ উদ্ধার হয়। ২৪ জানুয়ারি দলগাঁও চা বাগানের গাড়িলাইন থেকে এক বৃদ্ধার গলায় কামড় দিয়ে চা বাগানে নিয়ে যায় চিতাবাঘটি। এভাবে মৃত্যু মিছিল জারি থাকায় তাসাটি, দলগাঁও এবং দলমনিতে একাধিক জায়গায় খাঁচা পাতে বনদপ্তর। তাতে ধরাও পড়ে চিতাবাঘ। 
Advertisement
এবছর শীতের মরশুমের শুরুতে যাতে গ্রামবাসী আতঙ্কিত না হন, সেজন্য  চিতাবাঘ সম্পর্কিত বিশেষ সচেতন শিবির আয়োজন করবে মাদারিহাট রেঞ্জ। রেঞ্জার শুভাশিস রায় বলেন, ডিএফও নির্দেশে আমারা এই শিবিরটি করতে চলেছি। সোমবার দলগাঁও চা বাগানে ও দলগাঁও বস্তি জুনিয়ার হাইস্কুলে ও মঙ্গলবার ধুলাগাঁও হাইস্কুলে এবং তাসটি চা ফ্যাক্টরির মাঠে এই শিবির বসবে। 
সম্পর্কিত সংবাদ