Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শীতেও পূর্বস্থলীর পলাশপুলিতে জলকষ্ট

শীতেও পূর্বস্থলীর পলাশপুলিতে জলকষ্ট
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: শীতকালেও পূর্বস্থলীতে জলকষ্টে ভুগছেন বাসিন্দারা। পলাশপুলি খাঁপাড়ার বাসিন্দাদের একাংশ পানীয় জল পাচ্ছে না।পিএইচই দপ্তর থেকে এলাকায় কয়েকটি বাড়িতে সংযোগ দিয়েছে। কিন্তু অধিকাংশই পায়নি। ফলে দূরের ট্যাপ থেকেই জল আনতে হচ্ছে বাসিন্দাদের, যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, সব বাড়িতে নতুন বছরের মধ্যেই পানীয় জল পৌঁছবে। খাঁ পাড়াতে পানীয় জলের সমস্যা আছে। ওখানে আমরা জলের ট্যাপ বসিয়েছি। পূর্বস্থলীজুড়ে আয়রনের প্রকোপ বেশি। তাই সেখানকার বাসিন্দাদের পানীয় জলের মূল ভরসা সরকারি জল প্রকল্প। বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। তবে পূর্বস্থলী-২ ব্লকের পলাশপুলি এলাকার খাঁপাড়াতে এখনও পানীয় জলের সমস্যা রয়েছে। বাসিন্দাদের অভিযোগ, পাড়াতে কয়েকটি ট্যাপ দিয়েছে। কিন্তু সেখানে জল খুব অল্প পড়ছে। বাধ্য হয়েই তাঁদের অন্য পাড়া থেকে জল আনতে হয়। সেখানে ভিড়ে সবাইকে জল নিতে হয়রানির শিকার হতে হয়। মূল পাইপের বেশ কয়েক জায়গায় ছিদ্র করে সংযোগ নিয়েছে। তাই জলের গতি কমছে। জল যেতে দেরি হচ্ছে। এর আগেও পূর্বস্থলীর তামাঘাটা, কমলনগরে একই অভিযোগ উঠেছিল। পরে পিএইচই দপ্তর থেকে আবার মেরামতি করে দেওয়া হয়। এখানেও দপ্তরের খতিয়ে দেখা উচিত বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। স্থানীয় বাসিন্দা জাহিদা বিবি, আমিনা খাতুন বলেন, আমরা প্রশাসনকে বারবার জানিয়েছি। কোনও লাভ হয়নি। গ্রীষ্মকালে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্যকেও জানিয়েছি। তারপরেই অবস্থার পরিবর্তন হয়নি। কাপড় পরিষ্কার গেলে এখনও আমাদের পুকুরের জলের উপরেই নির্ভর করতে হয়। আর খাওয়ার জল দূর থেকে নিয়ে আসতে হয়। সবার কাছে শুধু আশ্বাসই মিলছে। সবাই বলছে, কাজ চলছে। কিন্তু আমাদের প্রশ্ন, আর কতদিন লাগবে জল পেতে।
Advertisement
সম্পর্কিত সংবাদ