সংবাদদাতা, সাঁইথিয়া: শীতের মরসুমে সিউড়ি শহর জুড়ে বাড়ছে মশার উপদ্রব। এর জেরে শহরে ডেঙ্গুর আশঙ্কাও বাড়ছে। শহরের বেশ কিছু ওয়ার্ডে মশার উপদ্রবে নাজেহাল সাধারণ মানুষ। গত কয়েকদিন ধরে শীতের মরশুমে শহরের বিভিন্ন ঘিঞ্জি এলাকাতে নিকাশি ব্যবস্থায় জমে থাকা জলে মশার লার্ভা জন্ম নিচ্ছে। এর জেরেই শহরে মশার উপদ্রব বাড়ছে। সিউড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডের মানুষের অভিযোগ চলতি বর্ষার মরশুম ছাড়াও শীতের মরশুমে মশা নিধনের উদ্যোগী নেয়নি পুরসভা। সিউড়ির সাজানো পল্লি, ফকিরপাড়া, টিকাপাড়া, হাটজন বাজার, বাজারপাড়া, শুঁড়িপুকুরপাড়া সহ একাধিক এলাকায় মশার উপদ্রবের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই পার্শ্ববর্তী শহর দুবরাজপুরে কয়েকদিন আগে অজানা জ্বরে এক শিশুর মৃত্যু হয়েছিল। সেই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে সিউড়ি শহরবাসীর মধ্যে। বাসিন্দাদের অভিযোগ শহরের বেশ কিছু ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা ঠিকমতো পরিষ্কার করা হয় না, আশেপাশে ঝোপ জঙ্গল এর পরিমাণও বেড়েছে। বাইপাস সংলগ্ন রাস্তার পাশে দু ধারে জঙ্গল পরিষ্কার না হওয়ায় সেখানকার মানুষ মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে। এছাড়াও সিউড়ি টিনবাজার এলাকায় মাছের বাজার বসায় সেখানকার নোংরা আবর্জনা অধিকাংশ সময়ের ড্রেনেই জমা হয় এবং নোংরা আবর্জনায় জল জমে সেখানে আরও অস্বাস্থ্যকর পরিবেশে সৃষ্টি হয় যা মশার বংশবিস্তারের অন্যতম কারণ বলেই মনে করছেন এলাকাবাসী। ঘরের আনাচে-কানাচে মশার উপদ্রব হঠাৎ বেড়ে যাওয়ায় পুরসভাকে দায়ী করেছেন শহরবাসী। চিকিৎসক মহলের মতে, বর্ষায় শহরে মানুষের চিকিৎসকদের চেম্বারে জ্বর সর্দি কাশির উপসর্গ নিয়ে প্রায় সময় মানুষ আসেন। শীতকালেও একই রোগে আক্রান্ত হতে দেখা যায়। শহরের ডেঙ্গু সংক্রমণের কোনও খবর এখনও পর্যন্ত নেই। সিউড়ি শহরের এক বাসিন্দা বলেন, শহরের মশার উপদ্রব যথেষ্ট পরিমাণে বেড়েছে। বিকালের দিকে একতলা ঘরে প্রচন্ড পরিমাণে মশার উপদ্রব হয়। বিশেষ করে এখন অধিকাংশ ড্রেনের জল শুকিয়ে গিয়েছে। আবার বেশকিছু জায়গায় ড্রেনের মধ্যে আবর্জনা জমা হয়ে রয়েছে যার ফলে নোংরা জল জমা হচ্ছে। এর ফলে মশার উপদ্রব অনেকটাই বেড়েছে। একটু সন্ধ্যা নামলে বাড়ির বাইরে দাঁড়িয়ে মশার উপদ্রবের ফলে দাঁড়িয়ে থাকা যায় না। মাঝেমধ্যে পুরসভাকে দেখি নর্দমায় স্প্রে করছে। কিন্তু তাতেও কোন সুরাহা হয় না। যদিও সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, আমাদের প্রতিদিন নিকাশি নালায় স্প্রে করা হয়। যদি এরকম কোনও ওয়ার্ডের সমস্যা থেকে থাকে তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও প্রতিটা ওয়ার্ডে আমাদের সার্ভে টিম ঘোরে। যদি অভিযোগ পাই দ্রুত সেই ওয়ার্ডে স্প্রে করা হবে।



