Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শীতকালীন দুর্গাপুজোয় মেতেছে লালবাগ

শীতকালীন দুর্গাপুজোয় মেতেছে লালবাগ
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: শীতকালীন দুর্গাপুজোয় মেতে উঠেছে লালবাগবাসী। লালবাগ মহকুমা হাসপাতাল রোড সংলগ্ন মন্দিরে অধিষ্ঠিত ছ’হাত বিশিষ্ট দুর্গা নিরোকলি মাতা নামে পরিচিত। সিংহের উপর অধিষ্ঠিত দুর্গার ছয় হাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ত্রিশূল ও খাঁড়া। নিরোকলি মা পূর্ব বাংলায় ঘট স্থাপনের মাধ্যমে পূজিতা হলেও নবাবের শহরে মৃন্ময়ী রূপে পূজিতা হন। প্রতি বছর পৌষ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী থেকে দশমী তিথি পর্যন্ত ছ’দিন পুজো হয়। অষ্টমী বাদে প্রতিদিন অন্ন, ভাজা, পোলাও, চাটনি এবং মিষ্টান্ন দিয়ে দেবীকে ভোগ নিবেদন করা হয়। ১০টি প্রদীপ এবং সাতটি ঢাক বাজিয়ে সন্ধিপুজো হয়। মন্দিরের সেবাইত বুবাই বলেন, ১৭৩৭ সালে বাংলাদেশে নিরোকলি মায়ের পুজোর প্রচলন হয়েছিল। ২১ বছর পূর্বে মা স্বপ্নে সশরীরে দেখা দেন এবং মৃন্ময়ী রূপ গড়ে পুজোর নির্দেশ দেন। সেই থেকে মৃন্ময়ী রূপে পুজো হয়ে আসছে। শনিবার পঞ্চমী থেকে মায়ের পুজো শুরু হয়েছে। ওইদিন সকালে মাকে সোনা ও রুপোর গয়না পরানো হয়। নিরোকলি পুজোয় শামিল হতে মুর্শিদাবাদ জেলার পাশাপাশি মালদহ, বীরভূম, নদীয়া, কলকাতা থেকে ভক্তরা আসেন। প্রতিবছর বাংলাদেশ থেকে ভক্তরা এলেও সম্প্রতি ওই দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে কেউ আসেননি।
Advertisement
লালবাগের বাসিন্দা বাপি দাস, মনোজ সরকার বলেন, নিরোকলি পুজোর অপেক্ষায় থাকেন শহরবাসী। পুজোকে কেন্দ্র করে কয়েকটা দিন আনন্দেই কাটে।
সম্পর্কিত সংবাদ