Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শীতবস্ত্র বেচতে রাজস্থান থেকে মেদিনীপুরে বিক্রেতারা, খুশি ব্যবসার সহায়ক পরিবেশে

শীতবস্ত্র বেচতে রাজস্থান থেকে মেদিনীপুরে বিক্রেতারা, খুশি ব্যবসার সহায়ক পরিবেশে
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর শহরে রাস্তার ধারে অস্থায়ী দোকান তৈরি করে চলছে কম্বল, জ্যাকেট বিক্রি। প্রচুর মানুষ সেই কম্বল, জ্যাকেট কিনে বাড়ি ফিরেছেন। হাসি ফুটেছে রাজস্থান থেকে আসা ব্যবসায়ীদের মুখে। জানা গিয়েছে, এই সিজনে একটি দোকান থেকে দু’ হাজার কম্বল বিক্রি হয়েছে। ব্যবসায়ীদের কথায়, বাংলায় ব্যবসার ভালো পরিবেশ রয়েছে। এছাড়া দ্রব্যমূল্য অনেকটাই কম। পাশাপাশি বাংলার মানুষের ব্যবহার ভালো। তাই ডবল ইঞ্জিন রাজ্যের ব্যবসায়ীদের প্রথম পছন্দ বাংলা। তবে ব্যবসায়ীরা মানছেন, এবছর কনকনে শীত পড়লে বিক্রি আরও বাড়ত। রাজস্থানের কোটা এলাকার বাসিন্দা দানিশ রাজপুত মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় জ্যাকেট, কম্বলের পসরা সাজিয়ে বসেছেন। তিনি বলেন, বাংলায় ব্যবসার ভালো পরিবেশ আছে। এখানকার মানুষ ভালো। এবছর ব্যবসা ভালোই হয়েছে। মাঝে ঠান্ডা কম থাকায় কিছুটা তাল কেটেছে। এবছর জ্যাকেট সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।  জানা গিয়েছে, শীত পড়তেই রাজস্থান থেকে বেশ কয়েকজন শীতবস্ত্র ব্যবসায়ী চলে আসেন পশ্চিম মেদিনীপুর জেলায়। তাঁরা খড়গপুর, মেদিনীপুরে একাধিক অস্থায়ী দোকান গড়ে তোলেন। সেখানে পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত দামের কম্বল যেমন বিক্রি হচ্ছে, তেমনি তিনশো টাকা থেকে শুরু করে হাজার-বারোশো টাকা দামের জ্যাকেটও বিক্রি হচ্ছে। এক ব্যবসায়ীর কথায়, রাজস্থানে পরিবারের বাকি সদস্যরা থাকেন। রুজিরুটির টানে এরাজ্যের বিভিন্ন প্রান্তে শীতবস্ত্র বিক্রি করে তাঁরা রাজস্থানে ফিরে যান। বছরের বাকি সময়ে তাঁরা অন্যান্য ব্যবসা করেন। তাঁদের অন্যতম খুশির কারণ, বাংলায় ব্যবসা করতে তোলা দিতেও হয় না। 
Advertisement
এদিন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, বিজেপি প্রচার করে এখানে ব্যবসার পরিবেশ নেই। অথচ দেখা যাচ্ছে ডবল ইঞ্জিন শাসিত রাজ্য থেকে ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে আসছেন। আসলে বিজেপি মানুষকে ভুল বোঝায়। ভুল বোঝানো ছাড়া ওদের কোনও কাজ নেই। রাজস্থানে ব্যবসার ভালো পরিবেশ থাকলে মানুষ এখানে আসত না।  জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, বিজেপি শাসিত রাজ্য থেকে মানুষ ব্যবসার জন্য আসছেন ঠিকই। কিন্তু এটাও মনে রাখতে হবে, এখান থেকেও বহু মানুষ ভিন রাজ্যে ছোট ছোট কাজের জন্য পড়ে রয়েছেন। এখানে চাকরি নেই। আছে শুধু দুর্নীতি।
Advertisement
সম্পর্কিত সংবাদ