Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শীতে সুরাপানে পুরুষদের টেক্কা! মহিলাদের ভিড় সামলাতে পৃথক কাউন্টার মদ দোকানে 

শীতে সুরাপানে পুরুষদের টেক্কা! মহিলাদের ভিড় সামলাতে পৃথক কাউন্টার মদ দোকানে 
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শুধু ৩১ ডিসেম্বর বা বড়দিনের রাত নয়, সুরার গ্লাসে এখন বছরভর যুবকদের টক্কর দিচ্ছে যুবতীরা। রঙিন বোতল কিনতে তারা লাইনে দাঁড়াচ্ছে। ভিড় সামাল দেওয়ার জন্য বর্ধমানে কয়েকটি মদের দোকান মহিলাদের জন্য আলাদা কাউন্টার করেছে। সেখানে বড় করে লেখা রয়েছে, ‘মহিলাদের জন্য’। শহরের পুলিস লাইন সংলগ্ন শিয়ালডাঙা বাজারের কাছে একটি মদের দোকানেও এই ছবি দেখা যাচ্ছে। সেই কাউন্টারের সামনেই বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এক দোকান মালিক বলেন, সমাজ এগিয়ে গিয়েছে। তাছাড়া যুবতীদের মদ খাওয়ার মধ্যে অন্যায় কিছু নেই। হামেশাই যুবতীদের কাউন্টারে দাঁড়াতে দেখা যায়। মদের সঙ্গে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের খাবার তারা এখান থেকেই কিনে নিয়ে যায়। তবে আগে এত বেশি যুবতীকে সুরার গ্লাসে চুমুক দিতে দেখা যেত না। এখন তাদের মধ্যে রঙিন জগতে ডুব দেওয়ার প্রবণতা বেড়েছে। সেকারণেই আলাদা কাউন্টার করতে হয়েছে। এক দোকান মালিক বলেন, ছেলেদের সঙ্গে দাঁড়িয়ে মদের বোতল কিনতে অনেক যুবতী অস্বস্তি বোধ করেন। উৎসবের দিনগুলিতে লম্বা লাইন পড়ে যায়। মহিলাদের জন্য আলাদা কাউন্টার থাকলে তাদের সমস্যায় পড়তে হয় না।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, একশ্রেণির যুবতীদের মধ্যে অসংলগ্নতা বেড়েছে। কয়েকদিন আগে শক্তিগড়ে তিন-চারজন যুবতী রাস্তার উপর অভব্য আচরণ করছিল। বাধা দিতে গেলে তারা পুলিসকেই আক্রমণ করার চেষ্টা করে। পরে মহিলা কনস্টেবলরা এসে তাদের পাকড়াও করে নিয়ে যায়। নেশা কাটার পর তারা অবশ্য স্বাভাবিক ছন্দে ফেরে। স্থানীয়রা বলেন, অনেকে রাস্তার পাশে দাঁড়িয়ে মদ্যপান করছে। জলের বোতলে মদ মিশিয়ে চুমুক দিচ্ছে। কয়েকদিন আগে পর্যন্তও তাদের নিরাপদ ঠিকানা ছিল উল্লাস মোড় সংলগ্ন এলাকা। পুলিস লাগাতার ধরপাকড় করার পর তাদের সেই ঠেক ভেঙে গিয়েছে। এখন অন্যত্র তাদের ঠেক বসছে। 
এক পুলিস আধিকারিক বলেন, মদ্যপান করা অন্যায় নয়। তবে সংযত থাকতে হবে। রাস্তার উপর অভব্যতা করলে ছাড়া হবে না। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, যুবতীরা রঙিন গ্লাসে চুমুক দিতে অভ্যস্ত হওয়ায় লক্ষ্মীলাভ হয়েছে। এবছর পুজোর মরশুমে জেলায় রেকর্ড মদ বিক্রি হয়েছে। তবে চোলাই বা বেআইনি মদের কারবার বন্ধ করতেও লাগাতার অভিযান চলছে। বর্ধমান দক্ষিণের মহকুমা পুলিস আধিকারিক অভিষেক মণ্ডল বলেন, সম্প্রতি মেমারি, জামালপুর, রায়না সহ বিভিন্ন এলাকায় মদের ভাটি ভাঙা হয়েছে। প্রচুর পরিমাণ চোলাই বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস জানিয়েছে, মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে যুবক এবং যুবতীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। মদের টেবিলে তুফান উঠুক। কিন্তু অভব্যতা যেন সামনে না আসে। সেটা করলে যুবক বা যুবতী কেউ ছাড় পাবে না।
সম্পর্কিত সংবাদ