Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শীতে অগ্নিমূল্য সব্জি, আনাজ, টাস্কফোর্সের নজরদারি দাবি

শীতে অগ্নিমূল্য সব্জি, আনাজ, টাস্কফোর্সের নজরদারি দাবি
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: শীতের শুরুতেই মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বিভিন্ন দৈনিক বাজারে শাক, সব্জি, আনাজের দাম আকাশছোঁয়া। বাজারে গিয়ে হাত পুড়ছে সাধারণ মধ্যবিত্তের। বাজারে শীতকালীন শাক, সব্জি পাওয়া গেলেও তা বেশ চড়া দামে কিনতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। বাজারে  টাস্ক ফোর্স দিয়ে নজরদারির দাবি জানিয়েছেন বাসিন্দারা। 
Advertisement
হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের কড়িয়ালি বাজার, ভালুকা বাজারে শাক, সব্জির দাম অনেক বেশি। একই অবস্থা হরিশ্চন্দ্রপুর বাজার সহ অন্যান্য বাজারের। সোমবার কড়িয়ালি বাজারে বেগুন বিক্রি হয়েছে ৫০-৬০ টাকা কেজি দরে। ফুলকপি, বাধা কপি ৪০-৫০ টাকা কেজি। শিম, মেথি শাক, ধনে পাতা ৮০ টাকা কেজি। টম্যাটো ৬০-৭০ টাকা কেজি। নতুন আলু ৬০ কেজি, পুরনো আলু ৩৫ টাকা কেজি। পালং শাক ৫০ টাকা কেজি, পেঁপে ৪০ টাকা কেজি। পেঁয়াজ, রসুনের দামও অগ্নিমূল্য। পিঁয়াজ ৫০- ৬০ টাকা কেজি, রসুন ৪০০ টাকা কেজি, আদা ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই প্রসঙ্গে খুচরো ব্যবসায়ী আবু কালাম বলেন, আমাদের শাক,সব্জি আনাজ চড়া দামে পাইকারি বাজার থেকে কিনতে হচ্ছে। তাই খুচরো বাজারে দাম বাড়ছে। তবে শীতকালীন শাক সব্জির আমদানি আরও কিছুটা বাড়লে দাম কমবে।
স্থানীয় বাসিন্দা এনামুল হক, রতন সাহা প্রমুখ বলেন, সারা বছরেই শাক, সব্জি, আনাজের দাম বেশি। বাজারে গিয়ে আমাদের মতো সাধারণ মধ্যবিত্তের হাত পুড়ছে কিন্তু ব্যাগ ভর্তি হচ্ছে না। ভেবেছিলাম বাজারে শীতের শাক, সব্জি নামলে দাম কমবে। কিন্তু কমেনি। আগের মতোই অবস্থা। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে টাস্ক ফোর্স দিয়ে নজরদারি বাড়াতে হবে। যদিও চাঁচল মহকুমা শাসক শৌভিক মুখোপাধ্যায় বলেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে দ্রুত টাস্ক ফোর্স বাজারগুলিতে অভিযান চালাবে। 
সম্পর্কিত সংবাদ