Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শীতে বাড়ছে শ্বাসকষ্ট, ভিড় ডাক্তারখানায়

শীতে বাড়ছে শ্বাসকষ্ট, ভিড় ডাক্তারখানায়
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মালদহ: তাপমাত্রা কমতে থাকার সঙ্গে সঙ্গে বেশকিছু রোগের প্রাদুর্ভাব। ফলে অনেকেই ছুটছেন চিকিৎসকদের কাছে। আবার কেউ কেউ চিকিৎসকের চেম্বার এড়িয়ে দোকানে গিয়ে ওষুধ কিনে খেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তবে চিকিৎসকদের বক্তব্য, এরকম সমস্যা হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে গিয়ে চিকিৎসকদের পরামর্শ মেনে ওষুধ খাওয়াই ভালো। না হলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে।
Advertisement
সত্তরোর্ধ্ব সুরঞ্জন রায় সম্প্রতি জখম হয়েছেন পড়ে গিয়ে। অস্ত্রোপচারও হয়েছে। কিন্তু ঠাণ্ডা বাড়তেই শুরু হয়েছে ব্যথা এবং শ্বাসকষ্ট। ধুলোর জন্য সমস্যা কিছুটা বেড়েছে। বাধ্য হয়ে তিনি ছুটেছেন চিকিৎসকের কাছে পরামর্শ নিতে। 
হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা জিয়াউর রহমানকে দেখা গেল মালদহ শহরের এক বেসরকারি চিকিৎসকের চেম্বারে। কথা বলতে বলতে জানালেন, বরাবরই তাঁর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। প্রায়শই ওষুধের ওপর নির্ভরশীল থাকতে হয়। শীত পড়তে সমস্যা অনেকটা বেড়েছে। বাধ্য হয়ে ডাক্তারের পরামর্শ নিতে এসেছেন।
মালদহ মেডিক্যালের চিকিৎসক পার্থসারথি রায় বললেন, শীত বাড়লে শ্বাসকষ্ট বা অ্যাজমা, অ্যালার্জিজনিত সমস্যা, বাতের ব্যথা, কাশি ইত্যাদি সমস্যা বাড়ে অনেকের। আবার শীতে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ভরপেট খেয়েও অনেকে অসুস্থ হয়ে পড়েন। কারও কারও রক্তচাপ বেড়ে গিয়েও সমস্যা তৈরি হয়। সব ক্ষেত্রেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ। তিনি পরামর্শ, এই সময় ধুলোবালি ওড়ে। তাই মাস্ক ব্যবহার করলে খানিকটা রেহাই মিলতে পারে।
সম্পর্কিত সংবাদ