অসীমবন্ধু ভট্টাচার্যের ৬০ বছরের শিল্পীজীবনের এক অনন্য উদযাপন সম্প্রতি আয়োজিত হয়েছিল রবীন্দ্র সদনে। দু’দিনের উৎসবে ছিল ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের উপস্থাপনা। লুনা পোদ্দারের ‘অষ্টনায়িকা’ পরিবেশনার মাধ্যমে উৎসবের সূচনা হয়। এরপর পদ্মশ্রী মাধবী মুদগলের ওড়িশি একক নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। শেষে উপাসনা সেন্টারের ‘তোমার অসীমে: দ্য এন্ডলেস জার্নি অফ এ ডান্সার’ প্রযোজনায় অসীমবন্ধু ভট্টাচার্যের জীবন ও নৃত্য-যাত্রার অনন্য কাহিনি তুলে ধরা হয়। দ্বিতীয় দিনের সূচনায় অভিক চাকী কবীরের একটি দোহা এবং চৌতালে এক চমৎকার পরিবেশনা উপস্থাপন করেন। এরপর রঞ্জনী ভট্টাচার্য তালের ‘ধামার’ পরিবেশন করেন। শেষ পরিবেশনায় অসীমবন্ধু ভট্টাচার্য সুফি কালাম এবং কবীরের দোহা দিয়ে শুরু করেন। শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পরিবেশনের মাধ্যমে দর্শকদের হৃদয় ছুঁয়ে যান।



