সংবাদদাতা, গঙ্গারামপুর: মঙ্গলবার গঙ্গারামপুরের বড়ডাঙ্গি বাজার এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সন্দীপ চক্রবর্তী(৪০)। বাড়ি গঙ্গারামপুরে।
Advertisement
এদিন দুপুরে শহরের ৯ নম্বর ওয়ার্ড বড়ডাঙ্গি বাজার এলাকায় বাইকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বাইক চালক শিববাড়ি শ্মশানে তাঁর শাশুড়ির সৎকার করে গঙ্গারামপুর শহরে বাড়ি ফিরছিলেন। স্থানীয়দের অভিযোগ, একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে বাইককে মুখোমুখি ধাক্কা মেরে পালিয়ে যায়। যুবকের মাথা থেতলে যাওয়ায় খবর যায় গঙ্গারামপুর থানায়। পুলিস ঘটনা স্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে। ঘাতক ট্রাক্টরের খোঁজে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিস। যদিও মৃত যুবকের পরিবারের তরফে গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়নি।



