নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: শাশুড়িকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় এক বধূর মৃত্যু হয়েছে। মৃতার নাম রেহেনা বিবি(৩৬)। তাঁর বাড়ি নওদার ঝাউবোনা ঈদগাহ পাড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রেহেনার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে আমতলা রুরাল হাসপাতালে চিকিৎসা করানোর জন্য টোটোয় করে নিয়ে যাওয়া হচ্ছিল। নওদায় বেপরোয়াভাবে চলা একটি ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে টোটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। রেহেনা, তাঁর শাশুড়ি এবং টোটোচালক গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নওদা থানার পুলিস। তাঁদের আমতলা ব্লক হাসপাতালে নিয়ে গেলে রেহেনাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম দু’জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরই চালক ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায়। ট্রাক্টরটিকে পুলিস আটক করেছে।
Advertisement
মৃতার শাশুড়ি শফিজান বেওয়া বলেন, আমার পেটে যন্ত্রণা হচ্ছিল। সারা রাত ঘুমাতে পারিনি। সকাল হতেই বউমা টোটো ভাড়া করে আমাকে হাসপাতাল নিয়ে আসছিল। সেই সময় দুর্ঘটনা ঘটল। ওর ছোট তিনটি বাচ্চা আছে। ওরা একেবারে অনাথ হয়ে গেল। কী হবে আমাদের? বউমা ছেড়ে চলে গেল।



