Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিশু সুরক্ষা নিয়ে আইনি সচেতনতা শিবির ঘাটালে

শিশু সুরক্ষা নিয়ে আইনি সচেতনতা শিবির ঘাটালে
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঘাটাল: বাল্য বিবাহের খবর পেলেই যেন সরাসরি আইনি পরিষেবা কেন্দ্রে ফোন করে জানানো হয়। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার ঘাটাল শহরের গুরুদাস হাই স্কুলে হয়ে গেল আইনি সচেতনতা শিবির। সেখানেই সিভিল জজ সিনিয়র ডিভিশন তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সাহিদ পারভেজ খুদে পড়ুয়াদের হাতে বেশ কয়েকটি ফোন নম্বর ও ইমেল আইডি তুলে দিয়ে আশ্বস্ত করে বলেন, ‘শুধু বাল্য বিবাহ নয়। রেশন, আধার সহ যে কোনও সমস্যাতেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পার। আমরা সর্বদা তোমাদের পাশে রয়েছি।’পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত ওই শিবিরটির মূল লক্ষ্য ছিল বাল্য বিবাহ, সাইবার ক্রাইম, শিশুদের যৌন নির্যাতন আইন, শিশু ও মানব পাচার, শিশু শিক্ষা এবং শিশু শ্রম আইন সম্পর্কে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। বক্তারা সমাজে শিশুদের সুরক্ষা ও আইনি অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সচিব জানন, শিশুদের অধিকার সুরক্ষিত করতে এবং তাদের প্রতি অন্যায় রোধ করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আইনজীবীরা বাল্য বিবাহ ও শিশু যৌন নির্যাতন সংক্রান্ত আইন সম্পর্কে সচেতন করেন এবং এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্র আদক জানান, সচিব ছাড়াও ছিলেন ঘাটাল আদালতের সরকারি আইনজীবী চিত্তরঞ্জন কর্মকার, সিনিয়র আইনজীবী দেবপ্রসাদ পাঠক বন্দ্যোপাধ্যায়, ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায় এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র সুব্রত অধিকারী। এছাড়াও  বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও অভিভাবক শিবিরে অংশগ্রহণ করেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ