সংবাদদাতা, কাঁথি: শিশু শ্রমিক উদ্ধারে বিশেষ অভিযান শুরু করেছে শ্রমদপ্তরের কাঁথি বিভাগ। সোমবার কাঁথি শহরের আটিলাগড়ি সংলগ্ন নেতাজি সুভাষ রোড এলাকায় একটি খাবারের হোটেলে অভিযান চালিয়ে এক শিশু শ্রমিককে উদ্ধার করেন শ্রমদপ্তরের আধিকারিকরা। বছর পনেরোর ওই কিশোর সেখানকার একটি হোটেলে কাজ করছিল। ওই কিশোরকে উদ্ধার করে শিশু সুরক্ষা দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। শিশুকে দিয়ে কাজ করানোর অভিযোগে হোটেলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কাঁথির অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার গণেশ কর্মকার বলেন, একটি অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই হোটেলে অভিযান চালানো হয়েছিল। শ্রমদপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই হোটেলে মালিকের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এলাকায়। তিনি দাঁতন সহ স্থানীয় বিভিন্ন এলাকা থেকে কমবয়সি ছেলেদের এনে হোটেলে শিশু শ্রমিক হিসেবে কাজে লাগাতেন বলে অভিযোগ ছিল। তবে আর কাউকে পাওয়া যায়নি। এদিকে শুধু কাঁথি নয়, পর্যটন শহর দীঘা, মন্দারমণি এলাকায় বহু হোটেল-রেস্তরাঁয় এবং চায়ের দোকানে শিশু শ্রমিক হিসেবে কাজ করে বলে অভিযোগ রয়েছে। মাসদুয়েক আগে অভিযান চালিয়ে দীঘা ও মন্দারমণি সৈকত থেকে তিন শিশু শ্রমিককে উদ্ধার করেছিল শ্রমদপ্তর। অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার বলেন, শিশু শ্রমিক উদ্ধারের ক্ষেত্রে অভিযান জারি থাকবে। আমরা কোথাও অভিযোগ পেলে দ্রুত পদক্ষেপ করি।



