Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিশু দিবসে পার্কে হই হুল্লোড়, খেলায় মাতল খুদে ছাত্রছাত্রীরা

শিশু দিবসে পার্কে হই হুল্লোড়, খেলায় মাতল খুদে ছাত্রছাত্রীরা
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আর পাঁচটা দিনের চেয়ে বৃহস্পতিবার দিনটা ওদের কাছে ছিল একেবারেই আলাদা। ক্লাসে ঘাড় গুঁজে বসে পড়া মুখস্থ করা নয়, বইয়ের ব্যাগ ফেলে ওরা পার্কে সবুজ ঘাসের গালিচায় মেতে উঠল হই হুল্লোড়, খেলায়। কোথাও আবার স্কুলে হাজির মোটু-পাতলু। মিড ডে মিলের মেনুতেও বদল। মুরগির মাংস-ভাতে কব্জি ডুবিয়ে খেল খুদে পড়ুয়ারা। শিশু দিবস উপলক্ষ্যে জলপাইগুড়ির বহু স্কুলেই আয়োজন করা হয়েছিল যেমন খুশি তেমন সাজো, বসে আঁকোর মতো প্রতিযোগিতা। ছিল নাচ-গানও।
Advertisement
জলপাইগুড়ি সদর গার্লস প্রাইমারি স্কুলে পড়ুয়ারা মোটু পাতলুর সঙ্গে আনন্দে মেতে ওঠে। স্কুলের প্রধান শিক্ষক অরূপ দে বলেন, এদিন পড়ুয়াদের জন্য মাংস-ভাত রান্না হয়। ছিল নানা অনুষ্ঠান।
কবিতা আবৃত্তি, নাচ-গানের মধ্যে দিয়ে জলপাইগুড়ি তিস্তা উদ্যানে দিনটি কাটায় কোনপাকরি বিবেকানন্দ হাইস্কুল, নেতাজি শিশু বিদ্যালয় সহ অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা। নেতাজি শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়শ্রী চক্রবর্তী বলেন, পড়ুয়ারা নিজেদের মতো করে পার্কে খেলাধুলো, নাচ-গান, হই হুল্লোড় করে সময় কাটিয়েছে। এদিন পড়াশোনা ছিল না। ওদের জন্য স্পেশাল টিফিনেরও ব্যবস্থা করেছিলাম আমরা। কোনপাকরি বিবেকানন্দ হাইস্কুলের প্রধান শিক্ষিকা আলো সরকার বলেন, শুধু স্কুলের চার দেওয়ালের মধ্যে পড়াশোনা নয়, শিশুদের মানসিক বিকাশে দরকার খোলা মাঠ, খেলাধুলো। সেকারণেই এদিন আমাদের স্কুলের পঞ্চমের পড়ুয়াদের নিয়ে আসি পার্কে। ওরা দারুণ আনন্দ করেছে। পার্কে বসেই খাওয়াদাওয়া সেরেছে। ওদের জন্য আজ আমরা বিশেষ মেনুর ব্যবস্থা করেছিলাম।
সম্পর্কিত সংবাদ