নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পথ নিরাপত্তা, নারী সুরক্ষা, সাইবার সচেতনতা সহ পাঁচটি বিষয়ে শর্ট ভিডিওর প্রতিযোগিতার আয়োজন করেছিল পুলিস। সোমবার শর্ট ভিডিও প্রতিযোগিতায় ফলাফল ঘোষণা করা হল। এদিন আরামবাগের রামমোহন হলে আয়োজিত একটি অনুষ্ঠানে সংশ্লিষ্ট কয়েকটি ভিডিও প্রদর্শনও করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মাস দু’য়েক আগে আরামবাগ মহকুমা পুলিস সামাজিক মাধ্যমে শর্ট ভিডিও প্রতিযোগিতার আয়োজন করে। তার ভিত্তিতে বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী শর্ট ভিডিও তৈরি করে পুলিসকে পাঠায়। এদিন তারই ফল প্রকাশ করা হয়। পুলিস জানিয়েছে, প্রতিটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে বেছে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে যাঁরা প্রথম হয়েছেন তাঁদের ১০হাজার টাকা করে এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। বাকি প্রতিযোগীদেরও শংসাপত্র উপহার দেয় পুলিস। এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায়, হুগলি গ্রামীণের পুলিস সুপার কামনাশিস সেন, পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিক কৃষ্ণেন্দু মণ্ডল, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী প্রমুখ।
Advertisement
পুলিস সুপার বলেন, এই প্রথম আরামবাগ মহকুমা পুলিস এই প্রতিযোগিতার আয়োজন করে সফল হয়েছে। বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর কাছ থেকে সাড়া মিলেছে। আগামী দিনে আরও বড় করে এর আয়োজন করা হবে। এই প্রতিযোগিতা আয়োজনের ফলে অনেকেই তাঁদের সৃজনশীলতা প্রকাশ করতে পেরেছেন। ফলে এটি সোশ্যাল মিডিয়া ব্যবহারের একটি সুফলও। তারসঙ্গে নানা বিষয়ে তাঁরা সচেতনও করেছেন। আগামী দিনে এই ভিডিওগুলি নিয়ে সামাজিক মাধ্যমে সচেতনতা প্রচার চালানো হবে।



