Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া ম্যাঞ্চেস্টার সিটি

শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া ম্যাঞ্চেস্টার সিটি
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
লিভারপুল: হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠেছে প্রিমিয়ার লিগ। শীর্ষস্থানের জন্য ম্যাঞ্চেস্টার সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিভারপুল। ৯ ম্যাচে সিটিজেনদের (২৩) থেকে এক পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্নে স্লটের দল (২২)। এমন পরিস্থিতিতে শনিবার অ্যাওয়ে ম্যাচে ম্যান সিটির প্রতিপক্ষ বোর্নমাউথ। ম্যাচটি জিতে শীর্ষস্থান ধরে রাখাই লক্ষ্য নীল ম্যাঞ্চেস্টারের। পাশাপাশি একই দিনে ঘরের মাঠে ব্রাইটনের বিরুদ্ধে নামছে লিভারপুর। মহম্মদ সালাহদেরও পা হড়কানোর উপায় নেই। এছাড়া শনিবার অ্যাওয়ে ম্যাচে নিউকাসল ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে আর্সেনাল।
Advertisement
চলতি প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত হারের মুখ দেখেনি ম্যাঞ্চেস্টার সিটি। ৯ ম্যাচের ৭টি’তে জেতার পাশাপাশি দু’টি ড্র করেছে পেপ-ব্রিগেড। অবশ্য গত বুধবার লিগ কাপের ম্যাচে টটেনহ্যামের কাছে হেরেছে ম্যান সিটি। সেই ধাক্কা যাতে ইপিএলে না পড়ে সেদিকে সতর্ক কোচ পেপ। আক্রমণভাগে স্তম্ভ আর্লিং হালান্ড দুরন্ত ছন্দে আছেন। তাঁকে যোগ্য সঙ্গত করছেন ফিল ফোডেনও। তবে সদ্য ব্যালন ডি’ওর জয়ী রড্রির চোট এখনও সারেনি। পাশাপাশি এই ম্যাচে নেই কেভিন ডি’ব্রুইন, জ্যাক গ্রিলিশও। তবুও টেবিলে ১১ নম্বরে থাকা বোর্নমাউথকে হারাতে অসুবিধা হওয়ার কথা নয় ম্যান সিটির।
এদিকে, নতুন কোচ আর্নে স্লটের অধীনে এবার দুরন্ত ছন্দে লিভারপুলও। ৯ ম্যাচের কেবল একটিতে হেরেছে তারা। আক্রমণভাগে তাদের প্রধান অস্ত্র মো সালাহ। এছাড়া লুইস ডিয়াজও দারুণ ছন্দে। তবে প্রিমিয়ার লিগে গত ম্যাচে আর্সেনালের কাছে আটকে গিয়েছিলেন ভার্জিল ফন ডিকরা। তাছাড়া ইংলিশ ফুটবলে ‘জায়ান্ট কিলার’ হিসেবে বিশেষ খ্যাতি রয়েছে ব্রাইটনেরও। টেবিলে ষষ্ঠ স্থানে থাকা দলও লিভারপুলকে বেগ দিতে তৈরি। অন্যদিকে, গত ম্যাচে ড্রয়ের পর লিগ কাপে জয়ে ফিরেছে আর্সেনাল। সেই ছন্দ ধরে রেখে নিউকাসলকেও হারাতে মরিয়া গানাররা।
সম্পর্কিত সংবাদ