সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মতিথি উদযাপিত হল। ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ নানা অনুষ্ঠান আয়োজন করেছে। শনিবার সকাল থেকে আশ্রমে বিশেষ পুজোপাঠ হয়। এদিন ভোর থেকেই মঙ্গলারতি, বেদপাঠ, স্তবগান, বিশেষ পুজো, শ্রীমদ্ভাগবতপাঠ, হোম হয়েছে। বেলা ১১টায় ঠাকুরের জীবন ও বাণী সম্পর্কে আলোচনা করেন রহড়া রামকৃষ্ণ মিশন বালক আশ্রম প্রাথমিক শিক্ষক-শিক্ষণ সংস্থার অধ্যক্ষ স্বামী দিব্যগুণানন্দজী মহারাজ। বিশেষ ভোগারতির পর কয়েকহাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এদিন সন্ধ্যারতির পর নাটমন্দিরে সঙ্গীত পরিবেশন করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিশিষ্ট গায়ক স্বামী শিবাধীশানন্দজী মহারাজ। রবিবার সন্ধ্যায় ধর্মালোচনা হবে। ৯ মার্চ রবিবার রাতে নিমপিঠ রামকৃষ্ণ আশ্রমের তরফে ‘নীলাচলে মহাপ্রভু’ যাত্রাপালা পরিবেশিত হবে। রামকৃষ্ণ মিশনের নবদ্বীপ শাখার সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজী মহারাজ বলেন, শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি ভক্তরা শ্রদ্ধার সঙ্গে উদযাপন করেছেন।
Advertisement
এদিনের অনুষ্ঠানে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপনকুমার চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ মিশনের নবদ্বীপ শাখার সভাপতি শিহরণ চক্রবর্তী, সহ-সভাপতি সব্যসাচী মণ্ডল, সহ-সম্পাদক সন্দীপ পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
শুক্রবার শোভাযাত্রার মাধ্যমে তিনদিনব্যাপী এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল। মিশনের তিনটি প্রকল্পের ছাত্রছাত্রী সহ তিনশোর বেশি অনুরাগী তাতে যোগদান করেন। ওইদিন রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার তরফে ১৫০জন দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও শিক্ষাসামগ্রী দেওয়া হয়।