Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শরশঙ্কার পৌষ সংক্রান্তির মেলা দাঁতনের মিলনক্ষেত্র

শরশঙ্কার পৌষ সংক্রান্তির মেলা দাঁতনের মিলনক্ষেত্র
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বেলদা: পৌষ সংক্রান্তিতে ইতিহাসবিজড়িত দাঁতনের শরশঙ্কার মেলা হিন্দু, মুসলিম ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের মিলনক্ষেত্র হয়ে ওঠে। এরাজ্যের পাশাপাশি ওড়িশা, ঝাড়খণ্ডের মতো পড়শি রাজ্য থেকেও মানুষ এই মিলন মেলায় যোগ দেন। এখানে লক্ষাধিক মানুষের জনসমাগম হয়। সোমবার এই মেলার উদ্বোধন হল।দাঁতনের শরশঙ্কা দিঘির পাড়ে পৌষ সংক্রান্তির মেলার সঙ্গে প্রাচীন ইতিহাস জড়িয়ে রয়েছে। কথিত আছে, গৌড়ের মহারাজা শশাঙ্ক এই দিঘি খনন করেছিলেন। দিঘির পাড়ে প্রাচীন একটি পীরের মাজারকে ঘিরে হিন্দু, মুসলিম ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই মেলায় অংশ নেন। শরশঙ্কা দিঘির পূর্বপাড়ে এই মেলা বসে। দিঘির উত্তরপাড়ে নিজেদের সংস্কৃতি অনুযায়ী পুজো করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। দিঘির পাণ্ডবঘাটে হয় তর্পণ পর্ব। পৌষ সংক্রান্তির ভোর থেকে এই ঘাটে তর্পণ চলে।
Advertisement
দিঘির দক্ষিণ-পূর্ব পাড়ে রয়েছে পীরগঞ্জ লস্কর দেওয়ানের মাজার। তার পাশেই রয়েছে হিন্দুদের বায়েশ্বর শিবমন্দির। পাণ্ডবঘাটের পাশে রয়েছে কালী মন্দির। মন্দিরে পুজোর পাশাপাশি পীরবাবার মাজারেও চাদর চড়ানো হয়। আগে মির্জাপুরের কাঞ্চন দাস নামে এক হিন্দু মহিলা নিয়মিত এই মাজার পরিষ্কার করতেন। বর্তমানে বয়সের ভারে তিনি আসতে পারেন না। জনশ্রুতি অনুযায়ী, সংক্রান্তির আগের রাতেই এখানে এক পীর এসেছিলেন। ওই রাতেই তিনি মারা যান। তারপর থেকেই প্রতি সংক্রান্তিতে এই মাজারে পীরের অনুগামী মুসলিম ধর্মাবলম্বীরা চাদর চড়ান। শুকনো মিষ্টি, মোরব্বা প্রসাদ হিসেবে নিবেদন করা হয়। হিন্দুরাও পায়েস তৈরি করে মাজারে নিবেদন করেন। মানতরূপে মাজারের পাশে মাটির তৈরি হাতিঘোড়া রাখা হয়। ছাড়া হয় পায়রাও।
আয়োজকদের তরফে মণিশঙ্কর মিশ্র, উত্তম বেরা, তরুণ দাশ, সুশান্ত ঘোষরা জানান, সোমবার সেই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল। এদিন বিকেলে বিধায়ক সুজয় হাজরা এই মেলার উদ্বোধন করেন। সেখানে বিধায়ক পরেশ মুর্মু, দাঁতন-১ পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র সহ জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আগামী পাঁচদিন ধরে এই মেলা চলবে।-নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ