Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্রীরামপুরের পর ঋষিপুরেও  চিকুনগুনিয়ায় আক্রান্ত ৮ জন, আতঙ্ক কমাতে আসরে স্বাস্থ্যদপ্তর

শ্রীরামপুরের পর ঋষিপুরেও  চিকুনগুনিয়ায় আক্রান্ত ৮ জন, আতঙ্ক কমাতে আসরে স্বাস্থ্যদপ্তর
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, হবিবপুর: মালদহ জেলায় ডেঙ্গুর সঙ্গে সঙ্গে চিন্তা বাড়াচ্ছে চিকুনগুনিয়া। জেলার হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের পর এবার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতেও ৮ জনের রক্তে মিলল চিকুনগুনিয়া ভাইরাস। ব্লকজুড়ে সতর্কতা জারি করল প্রশাসন।  
Advertisement
মালদহ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: সুদীপ্ত ভাদুড়ী বলেন, ঋষিপুরেও কুড়ি জন জ্বরে আক্রান্ত রোগীর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। তাঁদের মধ্যে ৮ জনের রক্তে চিকুনগুনিয়ার ভাইরাস পাওয়া গিয়েছে। 
সম্প্রতি হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কলাইবাড়ি এলাকায় বেশ কয়েকজন চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর হদিস পাওয়া গিয়েছে। এবারে পার্শ্ববর্তী ঋষিপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও জ্বরে আক্রান্তদের রক্তে চিকুনগুনিয়ার ভাইরাসের হদিশ মেলায় যথেষ্ট চিন্তিত বাসিন্দারা। চিকুনগুনিয়া রোগ সমন্ধে খুব একটা পরিচিত নন তাঁরা। সেই কারণে রোগ নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছেন তাঁরা। যদিও জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, ডেঙ্গু রোগের ক্ষেত্রে রোগীর প্লেটলেট কমে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটে। চিকুনগুনিয়ার ক্ষেত্রে সেই রকম কোনও অঘটন ঘটে না। জ্বর কয়েক দিনের মধ্যেই সেরে যায়। গায়ে হাতের ব্যথা অনেকদিন পর্যন্ত থাকে। অল্প বয়সীদের তাড়াতাড়ি সেরেও যায়। তবে বয়স্কদের ক্ষেত্রে শরীরের গাটে গাটে ব্যথা দীর্ঘদিন থাকে। 
ব্লক স্বাস্থ্য আধিকারিক বাবর আলি বলেন, রোগের বিষয়গুলি সম্বন্ধে মানুষকে সচেতন করা হচ্ছে। কলাইবাড়িতে প্রথমে রোগীর সংখ্যা বাড়লেও  গ্রামীণ সম্পদ কর্মীদের নিরলস কাজে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। এলাকায় নিয়মিত স্প্রে করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রুখতে মানুষকে সচেতন হতে হবে। ফুল হাতা জামা কাপড় পরা, মশার তেল ব্যবহার করা, মশারি টাঙিয়ে ঘুমানোর কথা জানিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। 
হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল বলেন, ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় মেডিক্যাল ক্যাম্প চলছে। গ্রামীণ সম্পদ কর্মীরা এলাকার বিভিন্ন জায়গায় স্প্রে করছেন। শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।
সম্পর্কিত সংবাদ