সংবাদদাতা, কাঁথি: পঞ্চায়েত সমিতির সভাপতি। প্রশাসনিক কাজকর্মে সর্বদা ব্যস্ত। দলীয় কাজও রয়েছে। তার মধ্যেই সময় বের করে যাত্রায় অভিনয় করে নজর কাড়লেন তৃণমূল পরিচালিত রামনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি। যাত্রার মঞ্চে মানুষকে আনন্দ-বিনোদনের পাশাপাশি সামাজিক বার্তা দিলেন। একটা সময়ে অনুপ ছিলেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ সদস্য। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। বর্তমানে পঞ্চায়েত সমিতির সভাপতি। রামনগরের বালিসাই অ্যাথলেটিক ক্লাবের আয়োজনে চলন্তিকা উৎসব উপলক্ষ্যে শনিবার ‘নটী বিনোদিনী’ অ্যামেচার যাত্রা অনুষ্ঠিত হয়। সেখানে শ্রীরামকৃষ্ণের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, রাজনৈতিক কর্মকাণ্ড, প্রশাসনিক পদে দায়িত্ব সামলেও মঞ্চে অভিনয় করা যায়। সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার প্রয়োজন। আর শ্রীরামকৃষ্ণ যে বলে গিয়েছেন, থিয়েটারে লোকশিক্ষে হয়। সেই লোকশিক্ষা দিতেই অনুপ ও অন্যান্য কুশীলবরা মঞ্চে উঠেছেন। শত ব্যস্ততার মধ্যেও অনুপ নিয়মিত রিহার্সালে অংশ নেন। স্বল্প সময়ের মধ্যে নিজেকে শ্রীরামকৃষ্ণের চরিত্রে ফুটিয়ে তোলার প্রাণপণ চেষ্টা করেছেন তিনি। এদিকে অনুপের অভিনয় সকলের ভালো লেগেছে বলে এলাকার যাত্রাপ্রেমী মানুষজন স্বীকার করেছেন। অনুপ বলেন, সাংস্কৃতিক চর্চায় বরারই যুক্ত থাকি। স্কুল-কলেজে পড়ার সময় নাটক, গ্রুপ থিয়েটারে অভিনয় করেছি। যাত্রায় অভিনয় করার সুপ্ত বাসনা বরাবরই ছিল। তবে রাজনৈতিক ব্যস্ততায় সময়-সুযোগ হয় না। আমাকে যখন প্রস্তাব দেওয়া হয়, তখন আর না করতে পারিনি। সুযোগ পেয়ে চরিত্রটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ওই ক্লাবের সঙ্গে যুক্ত চিকিৎসক গৌতম প্রধান বলেন, মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করতে পারেন, তার উদাহরণ অনুপ। অনুপ দেখাল, রাজনীতি ও অভিনয় পাশাপাশি চলতে পারে।



