Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় নাবালিকা স্ত্রীকে নির্যাতন স্বামীর

শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় নাবালিকা স্ত্রীকে নির্যাতন স্বামীর
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: স্ত্রীর বয়স ১৫, আর স্বামীর ৩৫ বছর! অর্থাৎ স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য দু’দশকের।‌ বিয়ের পরই সাংসারিক জীবনে ‘শান্তি’ মেলেনি বলে স্ত্রীর উপরে অকথ্য অত্যাচার করত স্বামী। দিন কয়েক আগে শারীরিক চাহিদা মেটাতে অস্বীকার করায় নাবালিকা স্ত্রীর মাথার চুল কেটে দেয় স্বামী। নাবালিকার বাপের বাড়িতেই সেই ঘটনা ঘটে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকায়। এলাকার লোকজনের অভিযোগের ভিত্তিতে নাবালিকার ওই স্বামীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিস। তার বাড়ি ধুবুলিয়া থানা এলাকায়। ধৃতকে শনিবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়। ধৃতকে চোদ্দো দিনের জেলা হেফাজতে পাঠানো হয়েছে। সেইসঙ্গে ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিস সরকারি হোমে পাঠিয়েছে। এই ঘটনায় নাবালিকার বাড়ির লোকজনকেই দুষছেন এলাকার মানুষ। 
Advertisement
জানা গিয়েছে, কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার একটি বস্তিতে থাকে ওই নাবালিকার পরিবার। তার বাবা দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করেন। আর্থিক অবস্থা তেমন ভালো নয়। নাবালিকা নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে স্কুল ছেড়ে দেয়। তারপর বাড়ির লোকজন মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। দেড়মাস আগে মেয়ের বিয়ে হয়। পরিবারের দাবি, মেয়ে এবং আত্মীয় স্বজনদের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। 
নাবালিকার মায়ের দাবি, ‘মেয়ে আমাদের পড়াশোনাতে ভালো ছিল না। তাই স্কুল থেকে ছাড়িয়ে দিয়েছিলাম। আমাদের একটা ছেলেও আছে। আর্থিক অবস্থা ভালো না হওয়ার জন্যই আমরা মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই।’
অভিযোগ, বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে স্ত্রীকে মারধর করত স্বামী। তাই মাঝে মাঝে নাবালিকা বাপের বাড়িতে চলে আসত। তাছাড়া শারীরিক সম্পর্কের জন্য নাবালিকাকে জোর করত বলেও অভিযোগ স্বামীর বিরুদ্ধে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার নাগাদ ওই নাবালিকা ফের বাপের বাড়িতে চলে আসে। তারপর রাতের দিকে স্বামীও আসে সেখানে। গভীর রাতে ফের শারীরিক সম্পর্কের জন্য নাবালিকাকে জোর জবরদস্তি করে বলে অভিযোগ। কিন্তু স্ত্রী রাজি না হলে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। নাবালিকার মা বলেন, ‘ভোরের দিকে দেখি জামাই বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে। কী হয়েছে জানতে চাইলে, সে বলে, আর সম্পর্ক রাখবে না। পরে দেখি আমার মেয়ের মাথার সমস্ত চুল কেটে দিয়েছে।’ 
গত শুক্রবার এলাকায় বিষয়টি জানাজানি হয়। তখন এলাকাবাসী কোতোয়ালি থানায় খবর দেয়। তার ভিত্তিতেই পুলিস স্বামীকে ধুবুলিয়া থেকে গ্রেপ্তার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অপহরণ, ধারালো অস্ত্র দিয়ে আঘাত, যৌন নির্যাতন, নাবালিকা বিয়ে সহ একাধিক ধারা যুক্ত করা হয়েছে এই মামলায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ