Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্রীমতি নদীর পাড়ে সবুজ পার্ক তৈরি করছে কালিয়াগঞ্জ পুরসভা  

শ্রীমতি নদীর পাড়ে সবুজ পার্ক তৈরি করছে কালিয়াগঞ্জ পুরসভা
 
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: সকাল, সন্ধ্যায় হাঁটা কিংবা শরীরচর্চা করার জন্য নেই নির্দিষ্ট স্থান। তাই এলাকার বাসিন্দাদের জন্য শ্রীমতি নদীর পাড়ে খোলামেলা পরিবেশে সবুজ পার্ক নির্মাণের উদ্যোগ নিল কালিয়াগঞ্জ পুরসভা। ইতিমধ্যে ৮৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই পার্কের জন্য। পুরসভার জমিতে শুরু হয়েছে মাটি ভরাটের কাজ। 
Advertisement
পুরসভা সূত্রে খবর, সাড়ে চার শতক জমিতে তৈরি হচ্ছে এই সবুজ পার্ক। পার্কের চারিদিক ঘিরে দেওয়া হবে গাছপালা দিয়ে। পার্কের ভিতরে থাকবে বাঁধানো হাঁটার জায়গা। জল নিকাশি ব্যবস্থার সঙ্গে বিভিন্ন ধরনের সবুজ গাছপালা, ফুলের গাছও থাকবে। বিভিন্ন ডিজাইনের চেয়ার রাখা হবে সবুজ এই পরিবেশে। রাতে বিভিন্ন ধরনের আলোর ব্যবস্থার সঙ্গে করা হবে ফোয়ারার ব্যবস্থাও। সব মিলিয়ে পার্কের কাজ দ্রুত শুরু করতে চায় পুরসভা। পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা বলেন, কালিয়াগঞ্জ শহরের বাসিন্দাদের হাঁটা কিংবা শরীরচর্চার জন্য কোনও জায়গা নেই। সন্ধ্যায় কালিয়াগঞ্জ স্টেশনে এলাকার লোক হাঁটতেন। এখন স্টেশনে গেলে টিকিট কাটতে হয়। তাই বাসিন্দাদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল, সন্ধ্যায় সাধারণ মানুষ এখানে আসবেন। কাজ শেষ হলে মনোরম পরিবেশ সকলের নজর কাড়বে। কালিয়াগঞ্জ শহরের বাসিন্দা উদয় ঘোষের কথায়, কালিয়াগঞ্জ পুরসভা দুর্দান্ত উদ্যোগ নিয়েছে। শরীরচর্চার জন্য ভালো পরিবেশ দরকার। নদীর পাড় উঁচু করে পার্ক গড়া হচ্ছে। কাজ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছি আমরা।
(চলছে পার্ক তৈরির কাজ।-নিজস্ব চিত্র)
সম্পর্কিত সংবাদ