Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্রমিকস্বার্থে একসুর বাম-তৃণমূলের, অতিরিক্ত কাজের বোঝা চাপানোর অভিযোগে বিক্ষোভ

শ্রমিকস্বার্থে একসুর বাম-তৃণমূলের, অতিরিক্ত কাজের বোঝা চাপানোর অভিযোগে বিক্ষোভ
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: চা শ্রমিক বঞ্চনা নিয়ে একসুর বাম-তৃণমূলের। বিপরীত আদর্শের দুই দল শ্রমিকদের স্বার্থে পাশাপাশি। পাতা তোলার ব্যাপার নেই। তবুও শুধু বাগান পরিচর্যারই কাজ শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে দুই বেলা। ঘটনাটি নকশালবাড়ি চা বাগানের। চা শ্রমিকদের এই অতিরিক্ত কাজের চাপ দেওয়ার অভিযোগ নিয়ে নকশালবাড়ি চা বাগানে বিক্ষোভ দেখালো বাম ও তৃণমূলের শ্রমিক সংগঠন। সোমবার বামেদের জেলা চিয়াকামান মজদুর ইউনিয়ন এবং তৃণমূলের আইএনটিটিইউসি-র শ্রমিক সংগঠন বিক্ষোভ দেখায়। শ্রমিকদের অভিযোগ, চা শ্রমিকদের বাড়তি কাজের বোঝা চাপিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ। শীতের মরশুমে এক বেলার পরিবর্তে দু’বেলা কাজ করানো হচ্ছে। বামেদের সিটুর জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, শীতের মরশুমে শ্রমিকদের দুবেলা কাজ করানো হচ্ছে। কর্পোরেট ধাঁচে শ্রমিকদের কাজের চাপ দেওয়া হচ্ছে। অথচ শ্রমিকদের মজুরি বাড়ানো হচ্ছে না। চা গাছ পরিচর্যার কাজ এক বেলার হয়। দু’বেলা কাজ করানোয় গাছের ক্ষতি হলে তা শ্রমিকদের উপর চাপিয়ে দেওয়া হয়। লাভ হলে মজুরি ও বোনাস নিয়ে কোনও কথা বলে না কর্তৃপক্ষ। অস্থায়ী কর্মীদের পিএফ কাটা হয় না। যাদের কাটা হয় তাদের পিএফ জমা পড়ে না। গ্রাচ্যুইটির টাকা অবসরপ্রাপ্ত শ্রমিকরা সময় মত পান না। 
Advertisement
অপরদিকে, আইএনটিটিইউসি-র নকশালবাড়ি চা বাগান ইউনিটের সহ সম্পাদক ইসরাইল উত্তপাল বলেন, শ্রমিকদের এক বেলার পরিবর্তে দু’বেলা কাজের বোঝা চাপানো হচ্ছে। যা নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এমনকি ৮ ঘণ্টা কাজ করিয়েও যথাযথ মজুরি দেওয়া হচ্ছে না। একাধিক পরিষেবা থেকে বঞ্চিত শ্রমিকরা। 
এনিয়ে নকশালবাড়ি চা বাগানের ম্যানেজার কৌশিক দাস বলেন, গত দু’বছর ধরে বাগানটি আর্থিক মন্দায় চলছে। তা সত্বেও শ্রমিকদের মজুরি বাকি নেই। পিএফ ও গ্রাচ্যুইটির টাকা সময়মত দেওয়া হচ্ছে। শ্রমিকদের দাবিমত দুপুর ১টায় ছুটি দেওয়া হলে বাগান রক্ষা করা সম্ভব নয়।
সম্পর্কিত সংবাদ