Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্রীখণ্ড গ্রামে গাছ থেকে ঝুলন্ত কঙ্কাল উদ্ধার

শ্রীখণ্ড গ্রামে গাছ থেকে ঝুলন্ত কঙ্কাল উদ্ধার
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: বৃহস্পতিবার বিকেলে কাটোয়ার শ্রীখণ্ড গ্রামে গাছ থেকে ঝুলন্ত কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কাটোয়া থানার পুলিস কঙ্কালটিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। পুলিস জানিয়েছে, কঙ্কালটি লালন ঘোষের(৫০)। তাঁর বাড়ি কাটোয়া থানার শ্রীখণ্ড গ্রামে। তিনি প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালনবাবু চাষাবাদ করতেন। বাড়িতে তাঁর স্ত্রী ও তিন ছেলে রয়েছে। গত ২৬ অক্টোবর তিনি সকালে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান। তারপর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর হদিশ পাননি। সেদিনই কাটোয়া থানায় মিসিং ডায়েরি করে পরিবার। এদিন দুপুরে শ্রীখণ্ড গ্রামের বড়ডাঙা মাঠের কাছে একটি নির্জন এলাকায় ঝোপঝাড়ে ঘেরা গাছের মধ্যে ঝুলন্ত কঙ্কালটিকে দেখতে পান এক ব্যক্তি। পরে মৃতের পরিবারের সদস্যরা ওই কঙ্কালের পরনের গেঞ্জি দেখে চিনতে পারেন। মৃতের ভাগ্নে কিশোর ঘোষ বলেন, মামা প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন। কী হয়েছে কিছুই বুঝতে পারছি না। মামা মানসিক অবসাদে ভুগছিলেন। কাটোয়া থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ