দুর্গাপুজো মানেই নানারকম পদে পাত সাজানো। বাঙালি চিরকালই খাদ্যরসিক। আগে পুজোর ক’দিন বাড়িতেই পঞ্চব্যঞ্জনের আয়োজন করতেন গৃহিণীরা। এখন অবশ্য অনেকেই দুর্গাপুজোয় বাড়ির রান্নার পাট তুলে দিয়েছেন। সারা বছর ঘরে বাইরে ব্যস্ত গিন্নিরা পুজোয় চান রেস্তরাঁর খাবার। সেই মতোই হোটেল ও রেস্তরাঁয় সাজানো হয় পুজোর মেনু। প্রাইড হোটেলের এগজিকিউটিভ শেফকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, পুজোয় বাঙালিয়ানাই পছন্দ করেন সকলে। আর তারও মধ্যে আবার আমিষ মেনুর উপরেই জোর দেন তাঁরা। সেই চাহিদা অনুযায়ী চিকেন মাটন মাছ পুজোর মেনুতে মাস্ট। প্রতিবারই নতুনত্ব আনা হয় এখানকার মেনুতে। এবছর মাংসের স্বাদে বদল করা হয়েছে। কোর্মা, কষা ছাড়াও থাকছে গোলমরিচ মাংস। এটা হোয়াইট গ্রেভিতে হয়। নতুন প্রজন্মের তা মনে ধরবে বলেই আশাবাদী শেফ। পাতুরির রেসিপিতেও কলাপাতার বদলে লাউ পাতার ব্যবহার করা হয়েছে। অনেকেই জানেন এই পাতা চাইলে ভাতের সঙ্গে মেখেও খাওয়া যায়। বাইরে গিয়ে যাঁরা খেতে ইচ্ছুক নন, তাঁদের দু’টি রেসিপি জানালেন শেফ। রেস্তরাঁর স্বাদ বাড়ির হেঁশেলে আনতে চাইলে এবার তাও সম্ভব।



