মাউন্ট মঙ্গানুই: শুক্রবার নিউজিল্যান্ডের কাছে চতুর্থ একদিনের ম্যাচে ৮৯ রান অল-আউটের পরই ব্যাটিং নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের প্রধান কোচ বলেছিলেন, কিউয়িদের দেশের কন্ডিশনের সঙ্গে পরের বছর ওডিআই বিশ্বকাপের সম্ভাব্য কন্ডিশনের মিল রয়েছে। মিচেল স্যান্টনার ব্রিগেডের বিরুদ্ধে এই সিরিজকে কাপযুদ্ধের ‘ড্রেস রিহার্সাল’ হিসাবে দেখছিলেন গম্ভীর। ব্যাটারদের ব্যর্থতা সেজন্যই দুশ্চিন্তায় ফেলে তাঁকে। তবে গম্ভীরের একেবারে উলটো মেরুতে দাঁড়িয়ে শ্রেয়স আয়ার। রবিবার তাঁর নেতৃত্বে শেষ একদিনের ম্যাচে ২২ রানে আসে জয়। এরপরই মিডিয়ার সামনে শ্রেয়স বলেন, ‘আমরা নিউজিল্যান্ডে রয়েছি। পরের বছর দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের সময়ের সম্ভাব্য কন্ডিশনের সঙ্গে এর তুলনা করা যায় না। ওখানে অন্যরকম আবহাওয়া থাকবে। বিশেষ করে দু’দলের ব্যাটাররাই যেভাবে ব্যর্থ হয়েছেন এই সিরিজে, তা ওখানে হবে না। এখানকার উইকেট ছিল পুরোপুরি বোলিং সহায়ক। তবে আমাদের কাছে এই সিরিজটা জিততে পারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যকিছু মাথায় রাখছি না।’
ম্যাচের সেরা অর্শদীপ সিংয়ের কথায়, ‘আমরা আগাগোড়া লাইন-লেংথে শৃঙ্খলা বজায় রেখেছি। যখন উইকেট আসছিল না, তখনও আমরা মনোবল হারাইনি। একইভাবে বল করেছি। এই জয় তারই পুরস্কার।’ বোলারদের প্রশংসায় উচ্ছ্বসিত ক্যাপ্টেন শ্রেয়সও, ‘বোলাররাই জ্বলে উঠে জিতিয়েছে। কন্ডিশন যেমনই থাক, দলকে জেতানোর ব্যাপারে ওরা সংকল্পবদ্ধ ছিল।’



