বেঙ্গালুরু: আইপিএলে পাঞ্জাব কিংসের দুরন্ত দৌড় অব্যাহত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তাদের ঘরের মাঠে হারিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে প্রীতি জিন্টার দল। কোহলিদের বিরুদ্ধে ৫ উইকেটে জয়ের জন্য বোলারদের কৃতিত্ব দিলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আয়ার। বিশেষ করে স্পিনার যুজবেন্দ্র চাহালকে নিয়ে রীতিমতো আপ্লুত তিনি।
গতবার শ্রেয়সের নেতৃত্বে আইপিএলে চ্যাম্পিয়ন হয় কেকেআর। এবার তিনি পাঞ্জাব কিংসের হটসিটে। তাঁর নেতৃত্বে প্রথমবার খেতাবও দেখছেন সমর্থকরা। আরসিবির বিরুদ্ধে ম্যাচ জিতে শ্রেয়স বলেন, ‘সব ধরনের পরিস্থিতিতেই আমরা সেরা পারফরম্যান্স মেলে ধরছি। এই ম্যাচেও নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলে জিতেছি। তার জন্য বোলারদের তারিফ করতে হবে। মার্কো জানসেন পিচ থেকে ভালো বাউন্স আদায় করছিল। আবার মিডল ওভারে রানের গতিতে রাশ টেনে উইকেট তুলে নিয়েছে চাহাল। তিন ওভারে মাত্র ১১ রানের বিনিময়ে ২ উইকেট ঝুলিতে ভরা মুখের কথা নয়। আমার মতে, ও হল বিশ্বের অন্যতম সেরা স্পিনার। চাহাল ফর্মে ফেরায় আমাদের বোলিং আরও বেশি শক্তিশালী হয়েছে।’ চিন্নাস্বামীর বাইশ গজ নিয়ে শ্রেয়সের বক্তব্য, ‘পিচ কেমন আচরণ করবে, তা নিয়ে আমাদের কোনও ধারণা ছিল না। তবে বোলাররা পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছে।’
আরসিবি’র অধিনায়ক রজত পাতিদার বলেন, ‘শুরুতে বল থেমে থেমে আসছিল। ফলে আমাদের পক্ষে ব্যাট করা সহজ ছিল না। তবে একটু দৃঢ়তা দেখাতে পারলে আরও কিছু রান করা যেত। আমরা পরপর উইকেট হারিয়েছি। এই ভুল থেকে শিক্ষা নিতে হবে।’